কুকুরটাও বোঝে এখন অন্য এক কুকুর আছে
চার পা নেই তাতে কী ! দুহাতই যথেষ্ট তার
দক্ষ দুহাতেই করতে পারে চার পায়ের কাজ
তবে পার্থক্যটা পাশবিকতায় -- পশুত্বে নয়।
অবশ্য পশু প্রেমীদের হৃদয় সমকালে দয়ার্দ্র
আটটি কুকুরছানা হত্যার প্রতিবাদে সরব তারা
হৃদয় পাথর নাহলে বিষয়টি এড়িয়ে যাওয়া অসম্ভব
তাই এহেন গর্হিত কর্মের অবশ্যই শাস্তি হওয়া জরুরি,
কুকুরছানার জন্য এই যে আমাদের এত দুঃখ হয়
ছানা হারা কুত্তিটির জন্য ব্যাকুলতা দেখাই --
ভাবতেই পারি মানবীয় বোধসম্পন্ন আমরা
তখন আত্মপ্রসাদে কুকুরের চেয়ে শ্রেষ্ঠত্ব দাবি করি।
বত্রিশ নম্বর রক্তাক্ত হয়েছিল তা-ও ভুলতে বসেছি
শীতলক্ষ্যার জলে ভেসেছিল সাতটি মানুষের বাচ্চা
পিলখানাতেও বলি হয়েছিল বহুজন
তখন কি এমন প্রতিবাদে সোচ্চার হতে পেরেছিলাম !
কুকুরের প্রতি যে সহমর্মিতা দেখাই কাগজে-কলমে
মানুষের রক্তক্ষরণে থাক না দরদ ততটুকু
উপশম হোক মনুষ্যত্বের মলমে।