চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মায়ের শাসনে শিশু সন্তানের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার(২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে মোবারকপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গঙ্গারামপুর গ্রামে মর্মান্তিক ঘটনাটি ঘটে। দূষ্টুমি করে প্রতিবেশীর নেটের বেড়া কাটার অভিযোগে মা আলেয়া বেগমের(৩৫) চড় থাপ্পড়ে মারা যায় ছেলে হাসিব আলী(১২)। সে ওই গ্রামের সুমন আলীর ছেলে। সুমন ঢাকায় দিনমজুরের কাজ করেন।
সূত্রগুলি জানায়, নেট কাটায় প্রতিবেশীর অভিযোগে রেগে একমাত্র ছেলে হাসিবকে ঘটনাস্থলে চড় থাপ্পড় মারেন মা। এরপর বাড়ি ফিরে উঠোনেই মৃত্যুর কোলে পড়ে হাসিব। পরে হাসিবের দাদার দেয়া খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, মরদেহে বাহ্যিক আঘাতের কোন চিহ্ন পাওয়া যায় নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। ছেলেটি পূর্ব থেকে অসুস্থ ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে এখনও কাউকে আটক করা হয় নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।
সংশ্লিস্ট ইউপি ওয়ার্ড সদস্য এজাবুল হক ও জাহির আলী বলেন, নিতান্ত দূর্ঘটনাক্রমেই ঘটনাটি ঘটে। পরিবারটি অত্যন্ত দরিদ্র।ছেলেটির বড় একটি বোন রয়েছে বলেও জানান তাঁরা।