আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধের যেকোনো দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার বাকি আর খুব বেশি সময় নেই; নির্ধারিত দিনে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে ইসির দ্বিতীয় দফা সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ তথ্য জানান। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল ও বিকেলের দুই পর্বে মোট ৮১টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সানাউল্লাহ জানান, প্রতিটি পর্যবেক্ষক সংস্থা পাঁচ বছরের জন্য নিবন্ধন পায় এবং এই সময়ে তারা অন্তত একটি জাতীয় নির্বাচন ও চারটি স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ পায়। নির্বাচন শেষে সাত দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন, এক মাসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন এবং নিয়মিত দ্বিবার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার বিধান রয়েছে। তবে অতীতে এসব প্রতিবেদন থেকে ইসি কার্যকরভাবে উপকৃত হতে পারেনি বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, পর্যবেক্ষকদের বয়সসীমা ২১ বছরে নামানো হলেও এই বয়সে অভিজ্ঞতার ঘাটতি থাকা স্বাভাবিক। তাই প্রশিক্ষণ, দক্ষতা এবং সর্বোপরি নিরপেক্ষতা নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পাশাপাশি নির্বাচন আইন, বিধিমালা ও তদন্ত প্রক্রিয়া সম্পর্কে পর্যবেক্ষকদের পূর্ণ জ্ঞান থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
কীওয়ার্ডঃ জাতীয় নির্বাচন তফসিল,নির্বাচন কমিশন সংলাপ,দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা