জুলাই আন্দোলন মামলায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৫-১১-২৫ ২২:২১:০৮
image

জুলাই আন্দোলনের সময় ভারগো গার্মেন্টসের এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. সোহান শাহ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম দায়মুক্তির এ আদেশ প্রদান করেন।
একদিন আগে, ২৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাব-৩–এর এসআই মোস্তাফিজুর রহমান ফৌজদারি কার্যবিধির ১৭৩ (ক) ধারা অনুযায়ী আদালতে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মামলার ঘটনার সঙ্গে শেখ বশিরউদ্দীনের কোনো ধরনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। তাই তাকে অব্যাহতির জন্য সুপারিশ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ১৯ জুলাই রামপুরার সিএনজি স্টেশনের সামনে গুলিবিদ্ধ হন সোহান শাহ। গুরুতর আহত অবস্থায় ২৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ১৯ সেপ্টেম্বর নিহত সোহানের মা সুফিয়া বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনকে আসামি করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় শেখ বশিরউদ্দীনকে ৪৯ নম্বর আসামি করা হয়েছিল।
আদালতের নির্দেশে অভিযোগটি এজাহার হিসেবে রামপুরা থানায় গ্রহণ করা হয়। তবে সর্বশেষ তদন্তে অভিযোগের সঙ্গে শেখ বশিরউদ্দীনের সম্পৃক্ততা না পাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো।

কীওয়ার্ডস:সোহান শাহ হত্যা, বশিরউদ্দীন অব্যাহতি, জুলাই আন্দোলন