আজ শেষ কর্মদিবস প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর
- সকালের আলো প্রতিবেদক
-
২০২৩-০৮-৩১ ১০:৪৫:৫৪
আজ বৃহস্পতিবার (৩১শে আগস্ট) শেষ কর্মদিবস প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর। নিয়ম অনুসারে আজ তাকে অ্যাটর্নি জেনারেল অফিস ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বিদায়ী সংবর্ধনা দেবে।
দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অবসরে যাচ্ছেন আগামী ২৫শে সেপ্টেম্বর। কিন্তু সে সময় সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি থাকায় আজই প্রধান বিচারপতির বিচারিক জীবনের শেষ কর্মদিবস।২০২১ সালের ৩১শে ডিসেম্বর প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন ১৯৫৬ সালের ২৬শে সেপ্টেম্বর কুষ্টিয়ায় জন্মগ্রহণ করা হাসান ফয়েজ সিদ্দিকী। পড়ালেখা শেষে ১৯৮১ সালে কুষ্টিয়া জেলা আদালতে আইনজীবী হিসেবে যোগ দেন তিনি। ১৯৮৩ সালে হাইকোর্ট এবং ১৯৯৯ সালের আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি।
২০০৯ সালের ২৫শে মার্চ হাইকোর্ট বিভাগে এবং ২০১৩ সালের ৩১শে মার্চ আপিল বিভাগে নিয়োগ পান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এছাড়া তিনি ২০১৫ সালের ৩০শে এপ্রিল থেকে জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনে হাসান ফয়েজ সিদ্দিকী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খুলনা সিটি করপোরেশন, কুষ্টিয়া পৌরসভা, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানির আইন উপদেষ্টা ছিলেন। ছিলেন বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলও।