ঢাকায় পৌঁছালেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১১-২২ ০৯:৪২:১৩
image

দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ শনিবার সকালে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুক এয়ারের বিশেষ ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আগমনের মুহূর্তেই তাঁকে লালগালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়। এ সময় তোবগে শুক্রবারের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সংক্ষিপ্ত বৈঠকের পর তাকে অস্থায়ী অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয়, যেখানে ১৯ বার তোপধ্বনি ও গার্ড অব অনার প্রদান করা হয়।
এরপর ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও দর্শনার্থী বইতে স্বাক্ষর করবেন।
দুপুরে তোবগের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে। বিকেল ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও সহযোগিতার বিভিন্ন খাত নিয়ে আলোচনা হবে।
সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত সরকারি নৈশভোজে তিনি অংশ নেবেন।

কীওয়ার্ডস:ভুটান প্রধানমন্ত্রী,রাষ্ট্রীয় সফর,গার্ড অব অনার