দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে আজ শনিবার ঢাকায় পৌঁছাচ্ছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সফরে দুই দেশের মধ্যে ইন্টারনেট ব্যান্ডউইডথ বিনিময়সহ তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরটি বাংলাদেশ–ভুটান সহযোগিতা নতুন মাত্রায় নেওয়ার সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
সকালে শেরিং তোবগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করবেন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
দুপুরে ভুটানের প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর একান্ত বৈঠক এবং প্রতিনিধিদল পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে যোগাযোগ, বাণিজ্য, জ্বালানি ও বিনিয়োগসহ বহুমুখী সহযোগিতা প্রসারের বিষয়ে আলোচনা হবে।
সফর চলাকালে শেরিং তোবগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। আগামী সোমবার সকালে তিনি ঢাকা ত্যাগ করে থিম্পুর উদ্দেশে রওনা হবেন।
কীওয়ার্ডস:ভুটান,দ্বিপক্ষীয় বৈঠক,এমওইউ