ইরানের পরমাণু কর্মসূচি স্বচ্ছ করার লক্ষ্যে দেশটির কাছে পূর্ণাঙ্গ তথ্য ও পরিদর্শন প্রবেশাধিকার চেয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ। জাতিসংঘের আওতাভুক্ত বাধ্যবাধকতা অনুযায়ী এসব তথ্য জরুরি বলে জানিয়েছে সংস্থাটি। তবে ওই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান।
বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের পারমাণবিক স্থাপনাগুলো-বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো-পরিদর্শনের অনুমতি চেয়ে সাম্প্রতিক মন্তব্য করার পরই এই প্রস্তাব পাস হয়।
কূটনৈতিক সূত্র বলছে, ১৯টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, বিপক্ষে ছিল রাশিয়া, চীন এবং নাইজার। এছাড়া ১২টি দেশ ভোটদানে বিরত থাকে। প্রস্তাবে ইরানকে বিলম্ব ছাড়াই পরমাণু উপকরণের হিসাব-নিকাশ, সুরক্ষিত স্থাপনার অবস্থা এবং সব ধরনের প্রাসঙ্গিক তথ্য আইএইএকে সরবরাহের আহ্বান জানানো হয়েছে।
প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি জানান, তেহরান আনুষ্ঠানিকভাবে পরবর্তী পদক্ষেপ পরে জানাবে। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো নিয়ে তারা কোনো সহযোগিতা করবে না। তাঁর ভাষায়, আইএইএর নিয়ম অনুযায়ী কেবলমাত্র অক্ষত স্থাপনাতেই সহযোগিতা দেওয়া হয়।
আইএইএ প্রধান গ্রোসি জানিয়েছেন, হামলার পর কিছু স্থাপনায় পরিদর্শন করা গেলেও ফোর্দো ও নাতানজের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এখনো সংস্থার পর্যবেক্ষণের বাইরে রয়ে গেছে। এতে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বেড়েছে।
কীওয়ার্ডসঃ আইএইএ,ইরান,পরমাণু কর্মসূচি