কুয়েটে “রিনিউয়েবল এনার্জি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ” শীর্ষক টেকনিক্যাল সিম্পোজিয়াম

  • কুয়েট প্রতিনিধি
  • ২০২৫-১১-২০ ১৮:৩৫:৪৮
image

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ “রিনিউয়েবল এনার্জি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ” শীর্ষক টেকনিক্যাল সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, আধুনিক বিদ্যুৎ অবকাঠামো নির্মাণ এবং টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনের কৌশল নির্ধারণের লক্ষ্যে আয়োজিত সিম্পোজিয়ামটি বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে ২০ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। কুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এবং বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সিম্পোজিয়ামে দেশের বিভিন্ন গবেষক এবং নীতি নির্ধারকগণ অংশগ্রহণ করেন। সিম্পোজিয়ামের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)-এর চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইপিআরসি-এর সদস্য (উদ্ভাবন) ড. মোঃ রফিকুল ইসলাম, কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান ভ‚ঞা, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ খালেকুজ্জামান। উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন কুয়েটের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন কুয়েট আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ নূর কুতুবুল আলম। প্রধান অতিথি মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি তাঁর বক্তব্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে গবেষণা, উদ্ভাবন এবং সরকারের বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে বলেন, “টেকসই ভবিষ্যতের জন্য প্রচলিত জ্বালানির নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তির উৎসগুলোর পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং গবেষণা সংস্থাগুলোর মধ্যেকার এই সহযোগিতা দেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে”। অনুষ্ঠানের সভাপতি হিসেবে প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে উদ্বোধনী পর্বের সমাপ্তি ঘোষণা করেন। সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান শেষে টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। এই সেশনে কি-নোট পেপার উপস্থাপন এবং সার্বিক সঞ্চালনায় ছিলেন বিইপিআরসি-এর পরিচালক (উদ্ভাবন) ড. হাসান মাহমুদ। টেকনিক্যাল সেশনে দুটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন কুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম এবং এনার্জি সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ শামীম হোসেন। সিম্পোজিয়ামে অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞ প্যানেলের সাথে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি এবং গবেষণার ভবিষ্যত দিকনির্দেশনা নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন। এই সিম্পোজিয়ামের মাধ্যমে শিক্ষাবিদ ও গবেষকদের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি হবে বলে মনে করছে আয়োজকবৃন্দ।