রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক চাপ বাড়ানোর আহ্বান জাতিসংঘের

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১১-২০ ১৪:৩১:৩৩
image

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং বাস্তুচ্যুত লাখো রোহিঙ্গাকে নিরাপদে মিয়ানমারে ফেরাতে আন্তর্জাতিক প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন ইইউ যৌথভাবে এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করে, যেখানে ১০৫টি দেশ আনুষ্ঠানিকভাবে পৃষ্ঠপোষকতা করে বৈশ্বিক সদিচ্ছার বার্তা দিয়েছে।
বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে জানানো হয়, ২০১৭ সালের পর থেকে প্রতি বছর নেওয়া এ প্রস্তাবে এবারও রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, মানবাধিকার লঙ্ঘন, চলমান সংঘাত, মানবিক সহায়তায় বাধা এবং বাংলাদেশসহ প্রতিবেশী দেশে রোহিঙ্গাদের অনবরত অনুপ্রবেশের বিষয়ে গভীর উদ্বেগ জানানো হয়েছে। জাতিসংঘের সদস্যরা মনে করেন, সংকট দীর্ঘায়িত হওয়ায় শুধু বাংলাদেশ নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে।
প্রস্তাব গৃহীত হওয়ার পর বাংলাদেশ প্রতিনিধিদল জানায়, আট বছর পেরিয়ে গেলেও মিয়ানমারে রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদ প্রত্যাবর্তনের ক্ষেত্রে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। তারা বলেন, বর্তমানে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রিত, যা দেশটির জন্য সামাজিক, পরিবেশগত ও আর্থিকভাবে এক বিরাট চাপ। আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জানায়, এ সংকট আর এককভাবে বহন করা সম্ভব নয়।
জাতিসংঘের প্রস্তাবে রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্বের অধিকার, মানবিক সুরক্ষা এবং প্রত্যাবর্তনের পর টেকসই পুনর্বাসন নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি জবাবদিহিমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবটি আন্তর্জাতিক মহলে রোহিঙ্গা ইস্যুকে আবারও অগ্রাধিকার আলোচনায় ফিরিয়ে আনার সুযোগ তৈরি করবে বলে আশা করছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

কীওয়ার্ডস:রোহিঙ্গা সংকট,প্রত্যাবাসন,জাতিসংঘ