তরুণদের আত্মরক্ষা শেখাতে ২৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১১-১৪ ২৩:১৩:৫৫
image

দেশের তরুণদের আত্মরক্ষায় দক্ষ করে তুলতে ২৭ কোটি ৮২ লাখ টাকার একটি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। ‘যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ’ শীর্ষক তিন বছর মেয়াদি এই উদ্যোগ বাস্তবায়ন করবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রকল্প মূল্যায়ন কমিটির পর্যালোচনার পর গত ১৩ অক্টোবর প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পায়। উদ্যোগটি চলবে ২০২৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এবং পুরো ব্যয় বহন করবে বাংলাদেশ সরকার।
প্রকল্পের আওতায় ৮ হাজার ৮৫০ জন তরুণ-তরুণীকে মৌলিক আত্মরক্ষা প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে ৮ হাজার ২৫০ জন তরুণ ও ৬০০ জন তরুণী অংশ নেবেন। সাভারের বিকেএসপি কেন্দ্র ছাড়াও চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেটের আঞ্চলিক কেন্দ্রগুলোতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অংশগ্রহণকারীরা ঢাকা বা দিনাজপুর কেন্দ্রে প্রশিক্ষণ নিতে পারবেন। এতে দেশের ৬৪ জেলার তরুণেরা প্রশিক্ষণের সুযোগ পাবেন।
মোট ব্যয়ের মধ্যে প্রশিক্ষণ, উপকরণ ও অংশগ্রহণকারী সহায়তার জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৬ কোটি ৫১ লাখ টাকা। ক্রীড়া ও প্রশিক্ষণ সরঞ্জামের জন্য ব্যয় হবে ৭ কোটি ৮ লাখ টাকা, আর আসবাবপত্রে বরাদ্দ ২ কোটি ১৭ লাখ টাকা। ডরমিটরি সংস্কারে ৬৭ লাখ ২২ হাজার, যন্ত্রপাতিতে ৪৪ লাখ ৩ হাজার এবং যানবাহন ভাড়ায় ৪২ লাখ ৪৫ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই প্রকল্পের মূল লক্ষ্য তরুণদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও মানসিক শক্তি বাড়ানো। পাশাপাশি আত্মরক্ষার কৌশল রপ্ত করিয়ে তাদের ব্যক্তিগত নিরাপত্তায় সক্ষম করে তোলা-যাতে যেকোনো আকস্মিক বা হুমকিমূলক পরিস্থিতিতে নিজেরা নিজেদের নিরাপদ রাখতে পারে।

কীওয়ার্ডঃ আত্মরক্ষা প্রশিক্ষণ,বিকেএসপি প্রকল্প,তরুণ উন্নয়ন