ইউক্রেনের জ্বালানি খাতে দুর্নীতির বিস্তৃত অভিযোগের জেরে আইনমন্ত্রী হারম্যান হালুশোঙ্কো এবং জ্বালানিমন্ত্রী ভিতলানা গ্রিনচুককে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অভিযোগ অনুযায়ী, অন্তত ১০ কোটি ডলারের ঘুষ লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট একটি চক্রে তাঁদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে তদন্ত সংস্থাগুলো জানিয়েছে।
এ ছাড়া পুরো ঘুষ চক্র সমন্বয়ের অভিযোগে জেলেনস্কির দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক ব্যবসায়িক অংশীদার তিমুর মিনদিচের বিরুদ্ধেও ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তদন্ত শুরুর আগেই মিনদিচ ইউক্রেন ত্যাগ করে ইসরায়েলে আশ্রয় নিয়েছেন।
জেলেনস্কি স্বীকার করেন যে, জ্বালানি খাতের যে কোনো কাজে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, বিদ্যুৎ সংকট, অবকাঠামো ধ্বংস এবং রাশিয়ার চলমান হামলার মধ্যে দুর্নীতির ঘটনা জাতির জন্য গভীরভাবে হতাশাজনক। আইন লঙ্ঘনকারীদের কঠোর জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতিও দেন তিনি।
এ ঘটনাকে দেশটির রাজনীতিতে বড় ধরনের চাপের পরিস্থিতি হিসেবে দেখা হচ্ছে। দুর্নীতিবিরোধী আন্দোলনকর্মীসহ বিরোধীদলীয় নেতা এবং সেনা কর্মকর্তারা বেশ কিছুদিন ধরেই জ্বালানি খাতের দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য জেলেনস্কিকে আহ্বান জানাচ্ছিলেন।
এর আগে ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত পরমাণু শক্তি সংস্থা এনার্গোটমে ১৫ মাসের তদন্ত চালায় জাতীয় দুর্নীতি দমন ব্যুরো নাবু। তদন্তে মূল অভিযুক্ত হিসেবে নাম আসে মিনদিচের, যিনি জেলেনস্কির গণমাধ্যম প্রতিষ্ঠান ভারতাল৯৫-এর সহপ্রতিষ্ঠাতা। অন্যদিকে, বরখাস্ত হওয়া দুই মন্ত্রী নিজেদের বিরুদ্ধে আনা অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।
কীওয়ার্ডস: ইউক্রেন দুর্নীতি, জেলেনস্কি সিদ্ধান্ত, মন্ত্রী বরখাস্ত