ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষে নিহত ৬

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১১-১২ ১০:১৮:৪৯
image

ভারতের ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদী বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ছয় জন মাওবাদী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই সংঘর্ষে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ।
ভারতীয় বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশে মাওবাদী দমনে চলমান অভিযানের অংশ হিসেবেই বিজাপুরে এই সংঘর্ষ হয়। রাজ্যের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সুন্দররাজ পাট্টিলিনগম জানান, যৌথ অভিযানে নিরাপত্তা বাহিনী মাওবাদীদের একটি ঘাঁটিতে অভিযান চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হলে ছয় মাওবাদী নিহত হয়। নিহতদের মধ্যে কয়েকজন ‘জ্যেষ্ঠ কমান্ডার’ রয়েছেন বলে জানান তিনি।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আধুনিক অস্ত্র ও প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং জঙ্গলের ভেতর অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, মাওবাদী বিদ্রোহীরা সম্প্রতি সরকারের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু আলোচনার প্রস্তাবের মধ্যেই নতুন করে এই সংঘর্ষের ঘটনা ঘটল। এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, যারা অস্ত্র ছাড়বে তাদের সুযোগ দেওয়া হবে, কিন্তু যারা সন্ত্রাসের পথ বেছে নেবে তাদের কঠোরভাবে দমন করা হবে।
চীনা বিপ্লবী নেতা মাও সেতুংয়ের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে ১৯৬৭ সালে ভারতের নকশালপন্থি আন্দোলন শুরু হয়। কয়েক দশকের এই সশস্ত্র সংঘাতে এখন পর্যন্ত ১২ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

কীওয়ার্ডস:ছত্তিশগড় সংঘর্ষ, মাওবাদী বিদ্রোহ, নিরাপত্তা বাহিনী