রাজধানীতে আবারও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করা হয় এবং দ্রুত আগুন নেভানো সম্ভব হয়। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এর আগের দিন সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। যাত্রাবাড়ী, উত্তরা ও বসুন্ধরা এলাকায় রাইদা পরিবহনের দুটি এবং রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই দিনে সন্ধ্যায় ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি চলন্ত বাসেও আগুন দেওয়া হয়।
এ ছাড়া মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় আরও দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।
মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, গত দুই দিনে রাজধানীতে মোট ৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৭টি মামলা রুজু করা হয়েছে এবং ২৪ ঘণ্টায় অন্তত ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, এসব নাশকতা পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
কীওয়ার্ডস:
বাসে আগুন,রাজধানী নাশকতা,ডিএমপি গ্রেফতার