দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৮, ভারতজুড়ে জারি সর্বোচ্চ সতর্কতা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১১-১১ ০৯:৩৫:২৭
image

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও বহু মানুষ। সোমবার সন্ধ্যার দিকে ঘটে যাওয়া এই বিস্ফোরণের পর রাজধানীসহ গোটা ভারতে জারি করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা।
বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ঘটনাস্থলের নিকটবর্তী হাসপাতালে অন্তত ৩০ জন আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। দিল্লি পুলিশের মুখপাত্র সঞ্জয় ত্যাগী জানান, হুন্দাই আই-টুয়েন্টি মডেলের একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে, যেখানে তিনজন যাত্রী ছিলেন। তিনি আরও বলেন, বিস্ফোরণের ধাক্কায় আশপাশের ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দ এতটাই প্রবল ছিল যে আশপাশের ভবনের জানালা কেঁপে ওঠে। একজন দোকানদার বলেন, “বিস্ফোরণের পর আমি মাটিতে পড়ে যাই, তারপর বুঝতে পারি কী ঘটেছে।”
বিস্ফোরণের পরপরই দিল্লির লাল কেল্লা এলাকা ঘিরে ফেলে বিপুলসংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) ও ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) যৌথভাবে তদন্ত শুরু করেছে এবং সবদিক বিবেচনায় নিয়ে বিস্ফোরণের উৎস অনুসন্ধান করছে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিরোধী নেতা রাহুল গান্ধী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন।
বিস্ফোরণের পর থেকেই কলকাতা, মুম্বাইসহ ভারতের বড় শহরগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিমানবন্দরগুলোতেও চলছে বিশেষ তল্লাশি অভিযান।
এদিকে, দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের লাল কেল্লা ও চাঁদনি চক এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে।
অন্যদিকে, জম্মু-কাশ্মীর পুলিশ জানায়, আলাদা অভিযানে উত্তরপ্রদেশ ও হরিয়ানায় বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে দিল্লির বিস্ফোরণের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে তারা।
ভারতের অন্যতম পর্যটনকেন্দ্র লাল কেল্লার কাছে এই ভয়াবহ বিস্ফোরণে আতঙ্কে ভরে উঠেছে রাজধানী দিল্লি। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনাস্থলে ফরেনসিক দল প্রমাণ সংগ্রহে কাজ করছে।

কীওয়ার্ডস:
দিল্লি বিস্ফোরণ, লাল কেল্লা, ভারত সতর্কতা