গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আবাসিক প্লট ও ফ্ল্যাট হস্তান্তরে এখন থেকে আর কোনো কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হবে না। নির্ধারিত ফি পরিশোধ করে সরাসরি সাব-রেজিস্ট্রারের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করা যাবে। রোববার (১০ নভেম্বর) মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন এ সিদ্ধান্তে বলা হয়েছে, আবাসন হস্তান্তর ব্যবস্থাকে সহজ ও স্বচ্ছ করতে এবং লিজগ্রহীতাদের ভোগান্তি ও হয়রানি দূরীকরণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে অনুমোদন প্রক্রিয়ায় দুর্নীতি ও সময়ক্ষেপণ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
আগে লিজকৃত ফ্ল্যাট বা প্লট বিক্রয়, হস্তান্তর, দান বা উত্তরাধিকার সূত্রে মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের লিখিত অনুমোদন বাধ্যতামূলক ছিল। এখন নতুন প্রজ্ঞাপনের ফলে এসব লেনদেনের জন্য আর কোনো অনুমতির প্রয়োজন নেই।
তবে প্লট বিভাজন, একত্রীকরণ বা মাস্টারপ্ল্যান অনুযায়ী জমির ব্যবহার পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়ার নিয়ম অপরিবর্তিত থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দলিলের মূল্য অনুযায়ী ফ্ল্যাট হস্তান্তরে ২ শতাংশ এবং প্লট হস্তান্তরে ৩ শতাংশ ফি নির্ধারণ করা হয়েছে। এই ফি সরাসরি সাব-রেজিস্ট্রি অফিসে জমা দিতে হবে এবং তা নন-ট্যাক্স রেভিনিউ (এনটিআর) হিসেবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্ধারিত অর্থনৈতিক কোডে জমা হবে।
সরকারের এই উদ্যোগের ফলে রিয়েল এস্টেট খাতের লেনদেন সহজ হবে, নাগরিকদের সময় ও ব্যয় কমবে, এবং সরকারি প্রক্রিয়ার স্বচ্ছতা আরও বাড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
কীওয়ার্ডস:
আবাসন হস্তান্তর,গণপূর্ত মন্ত্রণালয়,নতুন প্রজ্ঞাপন