লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে মৃত ১৩, আতঙ্কে দিল্লিজুড়ে উচ্চ সতর্কতা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১১-১০ ২২:৪৯:০৭
image

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে যাত্রীবাহী গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। সোমবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে মেট্রো স্টেশনের ঠিক সামনে হুন্দাই আই২০ গাড়িতে বিস্ফোরণের মুহূর্তেই আশপাশের এলাকা পরিণত হয় ধ্বংসস্তূপে। ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২৪ জন।
বিস্ফোরণের তীব্রতায় রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে ছিন্ন-ভিন্ন মরদেহ, আর পাশের ২২টি গাড়ি একসঙ্গে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থল জুড়ে প্রচণ্ড ধোঁয়া, আগুন আর মানুষের আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তেই। এনডিটিভি জানিয়েছে, লালকেল্লার মতো সংবেদনশীল পর্যটনস্থানের পাশে এই বিস্ফোরণ ছিল অত্যন্ত শক্তিশালী।
দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা বলেন, লালকেল্লা ট্রাফিক সিগন্যালের কাছে ধীরে চলা একটি গাড়ির ভেতরই বিস্ফোরণ ঘটে। গাড়িটিতে যাত্রী ছিল, এবং বিস্ফোরণ এত প্রবল ছিল যে আশপাশের বহু গাড়িও আগুনে পুড়ে যায়।
ঘটনার তদন্তে ইতোমধ্যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) মাঠে নেমেছে। বিস্ফোরণের পর দিল্লির পাশাপাশি মুম্বাই, জয়পুর, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
দিল্লির উপপ্রধান অগ্নিনির্বাপক কর্মকর্তা এ কে মালিক জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বিস্ফোরণস্থলের দৃশ্য ছিল অত্যন্ত হৃদয়বিদারক।
বিস্ফোরণের কিছুক্ষণ পরই ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক ফরিদাবাদে উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। ফলে ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকি আরও বেড়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পুরো ঘটনার হালনাগাদ অবহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখনো বিস্ফোরণের কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কিছু জানায়নি দিল্লি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের ভবনের জানালা-দরজা কেঁপে ওঠে, এবং আকাশে উড়ে দেহের অংশ ছিটকে পড়ার দৃশ্য চোখের সামনে দেখেছেন তারা। বহুজন এখনো শোক ও আতঙ্কে স্তব্ধ।

কীওয়ার্ডস:
দিল্লি বিস্ফোরণ,লালকেল্লা,এনআইএ