বিশ্ব আর্চারির ‘রাডারে’ রোমান সানা
- স্পোর্টস ডেস্ক:
-
২০২১-০৫-১৬ ১৩:২২:০৭
দুই বছর আগে নেদারল্যান্ডসে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে সবাইকে চমকে দিয়েছিলেন রোমান সানা। সেবার বিশ্ব র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে থাকা ইতালির মাউরো নেসপোলিকে হারিয়ে ইতিহাস গড়েন বাংলাদেশের এই তিরন্দাজ। আর্চারির বিশ্বমঞ্চে সেটাই ছিল কোনো বাংলাদেশি তিরন্দাজের প্রথম পদক জয়। শুধু তা–ই নয়, এমন বিরল কীর্তি গড়ার সুবাদে দেশের ইতিহাসের প্রথম তিরন্দাজ হিসেবে রোমান সুযোগ পেয়েছেন সরাসরি অলিম্পিকে খেলার। রোমান নিজের যোগ্যতায় অংশ নেবেন এবারের টোকিও অলিম্পিকে।
বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েছেন দেশসেরা এই তিরন্দাজ। সর্বশেষ ২০১৯ সালের ডিসেম্বরে রোমান খেলেছেন নেপালের পোখারায় দক্ষিণ এশিয়ান গেমসে। যেখানে বাংলাদেশ দল গড়েছিল ‘পারফেক্ট টেন’ রেকর্ডের বিরল কীর্তি, রোমান জেতেন রিকার্ভের এককে সোনা।
প্রায় দেড় বছর পর আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে আজ সকালে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছে আট সদস্যের বাংলাদেশ দল।
আগামীকাল থেকে সুইজারল্যান্ডের লুজান শহরে শুরু হবে আর্চারি বিশ্বকাপ।
৩৫ দেশের ২৩৫ জন তিরন্দাজ অংশ নেবেন এবারের বিশ্বকাপে। যেখানে রোমানদের লড়তে হবে ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, রাশিয়ার সেরা তিরন্দাজদের সঙ্গে। এই টুর্নামেন্ট শুরুর আগে আন্তর্জাতিক আর্চারি ফেডারেশন বেছে নিয়েছে পাঁচ তিরন্দাজকে, যাঁরা এবারের বিশ্বকাপে আলাদাভাবে নজর কাড়তে পারেন। বিশ্ব আর্চারি ফেডারেশনের অফিশিয়াল ওয়েবসাইটের বেছে নেওয়া তিরন্দাজদের তালিকায় সবার ওপরেই আছেন বাংলাদেশের রোমান।
এদিকে আগামীকাল মূল ভেন্যুতে অনুশীলন করবেন রোমানরা। পরশু হবে র্যাঙ্কিং রাউন্ড। ১৯ মে শুরু হবে রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগের একক ইভেন্টের এলিমিনেশন রাউন্ড। ২০ মে শুরু দলগত ইভেন্টের লড়াই।