ইরান হামলায় যুক্ত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১১-০৭ ১১:০১:৫০
image

অবশেষে ইরানে ইসরায়েলি হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় তিনি বলেন, “ইসরায়েল প্রথমে আক্রমণ চালায়, তবে পুরো অভিযানটির দায়িত্ব আমারই ছিল।”
এর আগে ট্রাম্প ও মার্কিন প্রশাসন দাবি করেছিল, ইরানে ইসরায়েলের ওই হামলা ছিল সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু এবার প্রেসিডেন্টের মুখে ভিন্ন সুর। তিনি বলেন, “হামলার প্রথম দিনটি ছিল ইসরায়েলের জন্য অসাধারণ এক সাফল্যের দিন। কারণ, সেদিন ইরানের সামরিক সক্ষমতায় সর্বাধিক ক্ষতি হয়।”
উল্লেখ্য, চলতি বছরের ১৩ জুন ইসরায়েল হঠাৎ করেই ইরানে বিমান হামলা চালায়, যাতে বহু উচ্চপদস্থ সেনা কর্মকর্তা, পরমাণুবিজ্ঞানী ও সাধারণ নাগরিক নিহত হন। এর পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। উত্তেজনা বাড়তে থাকলে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসরায়েলের পক্ষে দাঁড়ায় এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।
তবে প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্র বারবার বলেছিল, ওই হামলায় তাদের কোনো ভূমিকা নেই। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও বলেছিলেন, “আমরা ইসরায়েলের সিদ্ধান্তে যুক্ত নই; আমাদের প্রধান লক্ষ্য মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা।”
ইরান প্রতিশোধ হিসেবে কাতারে মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালালে যুদ্ধবিরতির সূচনা হয়। কিন্তু পরবর্তী সময়ে ট্রাম্প দাবি করেন, এই যুদ্ধের ফলাফল তাঁর প্রশাসনের “বড় কৌশলগত বিজয়”, কারণ এতে ইরানের পারমাণবিক কর্মসূচি “প্রায় ধ্বংস হয়ে গেছে”।
ইরানের পক্ষ থেকে অবশ্য ভিন্ন বক্তব্য এসেছে। দেশটির পরমাণু কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কর্মসূচি এখনো কার্যকর আছে এবং অর্জিত প্রযুক্তিগত সক্ষমতার মাধ্যমে গবেষণা ও উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই স্বীকারোক্তি মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার নতুন অধ্যায় খুলে দিতে পারে।

কীওয়ার্ডস:
ট্রাম্প-ইরান-ইসরায়েল
যুক্তরাষ্ট্র-পারমাণবিক হামলা
মধ্যপ্রাচ্য সংঘাত