যুক্তরাষ্ট্রের স্থানীয় নির্বাচনে তিন বাংলাদেশির ঐতিহাসিক জয়

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১১-০৬ ০৯:৪১:১৫
image

যুক্তরাষ্ট্রের স্থানীয় সরকার নির্বাচনে ইতিহাস গড়লেন তিন প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। টাউনশিপ ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাইদুজ্জামান ড্যানি, স্কুল বোর্ড ডিরেক্টর পদে জয়ী হয়েছেন মোহাম্মদ হোসেন মিথুন এবং ৭ম জেলা কাউন্সিলের সদস্য হয়েছেন সায়মা দিশা। তাদের এই জয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য এক বিশাল গর্বের মুহূর্ত হয়ে উঠেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রজুড়ে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনগুলোতে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। বিশেষ করে পেনসিলভেনিয়ার আপার ডার্বি টাউনশিপে ভোটের উচ্ছ্বাস ও প্রতিযোগিতা ছিল তুঙ্গে, যেখানে একাধিক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী অংশ নেন।
তিনজনের এই বিজয়কে স্থানীয়রা দেখছেন প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, নেতৃত্ব ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে। সংগঠিত প্রচারণা, ইতিবাচক ভাবমূর্তি এবং জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন।
কমিউনিটির নেতৃবৃন্দ বলছেন, এই জয় কেবল ব্যক্তিগত নয়, এটি বাংলাদেশের সুনাম ও প্রবাসী সমাজের ঐক্যের প্রতীক। তাদের সাফল্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রজন্মের রাজনৈতিক নেতৃত্বকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই জয় ভবিষ্যতে আরও বাংলাদেশি তরুণ-তরুণীদের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার অনুপ্রেরণা জোগাবে। প্রবাসীদের সামাজিক ও অর্থনৈতিক অবদানের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বেও বাংলাদেশিদের উপস্থিতি ক্রমেই শক্তিশালী হচ্ছে।

কীওয়ার্ডস:
বাংলাদেশি প্রবাসী, যুক্তরাষ্ট্র নির্বাচন, আপার ডার্বি