পাকিস্তানে বিশাল স্বর্ণের খনি আবিষ্কার, মূল্য ৬৩৬ বিলিয়ন ডলার

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১১-০৬ ০৯:৩৩:১৩
image

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলার তারবেলা এলাকায় আবিষ্কৃত হয়েছে এক বিশাল স্বর্ণের খনি। পাকিস্তান ফেডারেশন অব চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সাবেক সিনিয়র সহসভাপতি ও এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গওহর দাবি করেছেন, এই খনিতে প্রায় ৬৩৬ বিলিয়ন মার্কিন ডলারের স্বর্ণ মজুত রয়েছে-যা পাকিস্তানের অর্থনৈতিক পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখতে পারে।
সোমবার (৩ নভেম্বর) করাচি প্রেস ক্লাবে এক আলোচনাসভায় তিনি জানান, ইতোমধ্যে অস্ট্রেলিয়া ও কানাডার দুটি আন্তর্জাতিক ড্রিলিং কোম্পানির সঙ্গে প্রাথমিক যোগাযোগ হয়েছে। সরকারের নির্দেশ পেলেই তারবেলার মাটির নিচ থেকে স্বর্ণ উত্তোলনের প্রস্তুতি শুরু করা হবে।
হানিফ গওহরের মতে, এই স্বর্ণ মজুত পাকিস্তানের বর্তমান বৈদেশিক ঋণ পরিশোধের জন্য যথেষ্ট। বিষয়টি প্রধানমন্ত্রী, স্টেট ব্যাংকের গভর্নর এবং বিশেষ বিনিয়োগ সহায়ক পরিষদকেও জানানো হয়েছে।
তবে এখন পর্যন্ত পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে এ আবিষ্কার নিশ্চিত করেনি। সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
অর্থনীতিবিদদের মতে, এই স্বর্ণখনি যদি সত্যিই কার্যকরভাবে উত্তোলন করা যায়, তাহলে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার সংকট নিরসনে এটি হতে পারে ঐতিহাসিক সুযোগ। তবে প্রয়োজন হবে সুশাসন, স্বচ্ছ খনননীতি এবং আন্তর্জাতিক অংশীদারদের কার্যকর সম্পৃক্ততা।
পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন নাগাদ দেশটির মোট সরকারি ঋণ দাঁড়িয়েছে ২৮৬.৮৩২ বিলিয়ন মার্কিন ডলারে (প্রায় ৮০.৬ ট্রিলিয়ন পাকিস্তানি রুপি), যা আগের বছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি।

কীওয়ার্ডস:
পাকিস্তান, স্বর্ণখনি, তারবেলা