দক্ষিণ আফ্রিকায় বিদেশিদের সুরক্ষা নিশ্চিতে ঐতিহাসিক রায়

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১১-০৬ ০৯:২৪:২২
image

দক্ষিণ আফ্রিকার ঘাউটেং হাইকোর্ট এক যুগান্তকারী রায়ে ঘোষণা করেছে-দেশের ভেতর কোনো বিদেশি নাগরিকের প্রতি হয়রানি, ভয়ভীতি বা সহিংস আচরণ করা যাবে না। মঙ্গলবার (৪ নভেম্বর) জোহানেসবার্গে দেওয়া এই রায়ে আদালত ‘অপারেশন ডুডুলা’ নামে পরিচিত সংগঠনকে বিদেশিদের বিরুদ্ধে সব ধরনের ভয় দেখানো, জনসেবা থেকে বঞ্চিত করা এবং শারীরিক আক্রমণ থেকে কঠোরভাবে বিরত থাকতে নির্দেশ দিয়েছে।
আদালতের ভাষ্যে বলা হয়, দক্ষিণ আফ্রিকার সংবিধান অনুযায়ী দেশে অবস্থানরত প্রত্যেক মানুষ, স্থানীয় হোক বা বিদেশি-সবারই নিরাপত্তা ও মৌলিক অধিকার রক্ষার নিশ্চয়তা রয়েছে। আদালত স্পষ্ট জানায়, কোনো ব্যক্তি বা সংগঠন আইন নিজের হাতে তুলে নিতে পারে না এবং কারও মৌলিক অধিকার ক্ষুণ্ণ করার অধিকার কারও নেই।
এই রায়ের ফলে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সুরক্ষাসহ বিদেশি নাগরিকদের মৌলিক মানবাধিকার নিশ্চিত হলো নতুন মাত্রায়। মানবাধিকার সংস্থাগুলো একে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে মানবাধিকারের জন্য বড় বিজয় হিসেবে আখ্যা দিয়েছে।
গত কয়েক মাসে জোহানেসবার্গসহ বিভিন্ন শহরে বিদেশি নাগরিকদের ওপর হামলা ও ভয়ভীতির ঘটনা বেড়ে যাওয়ায় দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোও এ নিয়ে তীব্র নিন্দা জানায়। আদালতের সর্বশেষ এই রায়কে অনেকে দক্ষিণ আফ্রিকার মানবিক ও সাংবিধানিক মূল্যবোধ পুনরুদ্ধারের পদক্ষেপ হিসেবে দেখছেন।

কীওয়ার্ডস:
দক্ষিণ আফ্রিকা, বিদেশি সুরক্ষা, হাইকোর্ট রায়