আজ ২৯ আগস্ট ২০২৩, মঙ্গলবার, বিকাল ৩টায় ‘ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স,বাংলাদেশ (আইডিইবি) ভবন কাউন্সিল হল -এ শতবর্ষের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (BTA)’র উদ্যোগে সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া’র সভাপতিত্বে “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস” উলক্ষ্যে “বঙ্গবন্ধুর শিক্ষা
দর্শন” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, মাননীয় মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সভাপতি মন্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জনাব কবির বিন আনোয়ার, সাবেক মন্ত্রীপরিষদ সচিব ও প্রধান সমন্বয়কারী, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), ঢাকা বিশ্ববিদ্যালয় ও বীর মুক্তিযোদ্ধা অজয় দাসগুপ্ত, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও গবেষক। ‘বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)।
আলোচনার শুরুতে ’৭৫ এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবার-পরিজনসহ নির্মম বুলেটের আঘাতে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে নিরবতা পালন হয়। সভায় বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন সম্পর্কে আলোচকবৃন্দ বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। শিক্ষা মানুষকে ‘মানুষ’ হতে সহযোগিতা করে। শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোর পথের সন্ধান দেয়। শিক্ষার আলো থেকে বঞ্চিত জাতি কখনও মুক্তির পথ খুঁজে পায় না। যে জাতি যত বেশি শিক্ষিত; সে জাতি তত বেশি উন্নত। তাই শিক্ষা যদি জাতির
মেরুদন্ড হয় তবে শিক্ষক হচ্ছেন শিক্ষার মেরুদন্ড, সমাজ ও সভ্যতার বিবেক এবং জাতি গঠনের স্থপতি। শিক্ষকরাই মানব সভ্যতা বিনির্মাণে ও বিকাশে অগ্রণী ভূমিকা পালন করেন। কোন জাতিকে উন্নতির শিখরে এগিয়ে নিতে হলে, সে জাতিকে সু-শিক্ষায় শিক্ষিত করা ছাড়া কোন উপায়
নেই। আমরা শিক্ষায় পিছিয়ে ছিলাম বলেই চতুর ইংরেজরা প্রায় দু’শো বছর রাজত্ব কায়েম করেছিল। বাংলাদেশ স্বাধীন হবার পর, যুদ্ধ বিধ্বস্ত অবকাঠামো আর ভঙ্গুর অর্থনীতির ওপর দাঁড়িয়ে বাঙালি জাতির উন্নতির জন্য মানসম্মত আধুনিক শিক্ষা চালু করাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন, ঘরে ঘরে মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে না পারলে বহু ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ব্যর্থতায় পর্যবশিত হবে। তাই দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য আদর্শ মানব সম্পদ গড়ে তোলাই ছিল বঙ্গবন্ধুর শিক্ষা দর্শনের মূল লক্ষ্য। তিনি বিশ্বাস করতেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম এবং ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে শিক্ষায় সবার জন্য সমান সুযোগ থাকা একান্ত অপরিহার্য। বঙ্গবন্ধু শিক্ষার গুরুত্ব মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন বলেই ১৯৭০ সালের ২৮ অক্টোবর রেডিও ও টেলিভিশন ভাষণে তিনি বলেছিলেন, “সুশিক্ষিত সমাজব্যবস্থা গড়ে তোলার জন্য শিক্ষা খাতে পুঁজি বিনিয়োগের চেয়ে উৎকৃষ্ট বিনিয়োগ আর কিছু হতে পারেনা”। তাই
স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধস্ত অবস্থার মধ্যেও কোনো শিশু যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রায় ৩৭,০০০ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেছিলেন এবং পর্যায়ক্রমে মাধ্যমিক শিক্ষাসহ সকল স্তরের শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করে একটি উন্নত সমাজব্যবস্থা গড়ে তুলবেন। পরিতাপে বিষয় ৭৫ -এর ১৫ আগস্ট ট্রাজেডি বঙ্গবন্ধুর স্বপ্নকে ধুলিসাৎ করে দেয়;
থমকে দাঁড়ায় শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ধারাবাহিকতা। এতদ্সত্ত্বেও শতবাঁধা-বিপত্তি অতিক্রম করে বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন বাস্তবায়নের লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ২৬,০০০ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে সকলের জন্য প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ করে দিয়েছেন। প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করার ফলে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বাংলাদেশ লক্ষ্য অর্জনের প্রায় কাছাকাছি পৌঁছে গেছে। ফলে নিরক্ষরতার হার দিন দিন কমে আসছে। এমতাবস্থায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা হলে মাধ্যমিক স্তরসহ সকল স্তরে শিক্ষার্থী ভর্তি লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছে যাবে এবং উচ্চ শিক্ষার দ্বার উন্মোচিত হবে। সে কারণে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। বিলম্বে হলেও বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দু’টি কমিটি গঠন প্রক্রিাধীন রয়েছে এবং সকল ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের বিষয়ে কাজ চলছে। সভায় যথাসময়ে ৫% প্রণোদনা প্রদান, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের জন্য দু’টি কমিটি গঠন এবং সরকারি-বেসরকারি বৈষম্য নিরষণের জন্য নির্দেশনা প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।