আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় প্রত্যাশা: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১১-০৪ ১৫:০২:২৫
image

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, “আমরা একটি ঐতিহাসিক রায়ের অপেক্ষায় আছি। শহীদদের পরিবারের দীর্ঘদিনের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।”
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মাহফুজ আলম বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম, খুন ও নির্যাতনের সঙ্গে জড়িত অনেকের বিচার প্রক্রিয়া চলছে। যারা জনগণের ওপর অন্যায় করেছে, তাদের সবাই আইনের আওতায় আসবে।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। জুলাই সনদের বাস্তবায়ন বাংলাদেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। এই সনদের মধ্য দিয়েই দেশ নতুন এক পর্বে প্রবেশ করেছে।”
তথ্য উপদেষ্টা বলেন, “বর্তমান সরকার যে সংস্কার ও পুনর্গঠনের কাজ করছে, তা ভবিষ্যৎ নির্বাচিত সরকারের জন্য পথনির্দেশক হিসেবে কাজ করবে। আমাদের লক্ষ্য-একটি ন্যায়ভিত্তিক, ভারসাম্যপূর্ণ ও গুম-খুনমুক্ত বাংলাদেশ গড়ে তোলা।”

কীওয়ার্ডস: শেখ হাসিনা বিচার, মাহফুজ আলম, জুলাই সনদ