রা শি দা তি থি

  • কেমন ভুল
  • ২০২৩-০৮-২৯ ১২:২৯:১৭
image

কেমন ভুল 
ফুলের রঙে?
সূর্য জানে
কোন রঙটা
গোপন খুব।

কেমন ভুল
পাতার প্রাণে?
বাঁচিয়ে রাখে
কাণ্ড মূল,
দু'দিন পরে
শাখার মায়া
ফেলছে ঝেরে।

আকাশ ঢাকা
মাথার ছাদে
কঠিন ছায়া
হঠাৎ সরে!

তোমার হাত
আলগা যদি
আশার ভাষা
লিখলে কেনো?

চাও না-চাও,
এই ধরণী
দিয়েই গেলো,
বুকের 'পর
রাখছে ধরে,
ধূলোর দয়া
বাঁচিয়ে দিলো
এক জীবন।

কেমন ভুল?
আঁধার দিয়ে
করছি শুরু
আঁধার দিয়ে
সাঙ্গ সব;
তবু কেমন
ভুলেই থাকি
আঁধার দেখে
লাগছে ভয়।

ভাঙন দেখে
আৎকে উঠি,
মাটির তৃণ
নিত্য মরে
আবার জাগে
নতুন হাসি
ভোরের রোদে!

এমন ভুল
বাঁধন বাঁধে,
আগলা করে
প্রেমের কাঁটা 
কেবল ভুল
দিগ্বিদিক!