গাজায় ফের ইসরায়েলের তীব্র বিমান ও কামান হামলা, নিহত ১০৪

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১০-৩০ ২৩:০৬:১২
image

গাজা উপত্যকায় ফের ভয়াবহ বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এই হামলায় দক্ষিণ গাজার খান ইউনিস ও গাজা নগরীর পূর্ব প্রান্তে অন্তত দশটি স্থানে বোমাবর্ষণ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, খান ইউনিসের পূর্বাঞ্চলে একাধিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এখনো পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি।
গত ২৮ অক্টোবর রাফায় এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে এই পাল্টা হামলা শুরু হয়। ইসরায়েলের দাবি, এটি সন্ত্রাসবিরোধী অভিযান। তবে হামাস জানিয়েছে, তারা ওই ঘটনায় জড়িত নয় এবং ইসরায়েলই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে।
গাজা সিভিল ডিফেন্সের তথ্যমতে, গাজা নগরী, খান ইউনিস ও হাসপাতালের আশপাশে বিমান হামলায় ডজনখানেক মানুষ প্রাণ হারিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া নতুন এই অভিযানে এখন পর্যন্ত ১০৪ জন নিহত ও ২৫৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৬ শিশু ও ২০ নারী রয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে, আহত হয়েছেন ৫৯৭ জন।
এদিকে হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড জানিয়েছে, বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে তারা দুই ইসরায়েলি বন্দির মৃতদেহ হস্তান্তর করবে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ধাপে ধাপে বন্দি বিনিময়ের পাশাপাশি সামরিক অভিযান বন্ধ রাখা ও গাজায় মানবিক সহায়তা পাঠানোর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

কীওয়ার্ডস: গাজা হামলা, ইসরায়েল, যুদ্ধবিরতি