আ ব্দু ল্লা হ আ ল মা মু ন

  • "নিরন্তরের নিশ্চয়তা"
  • ২০২৩-০৮-২৯ ১২:১৩:৪২
image

এক বুক তৃষ্ণা ছিল তো ঠিকই গোপনে
কিন্তু বিশুদ্ধ ছিল না কোনও ঝর্ণার জল
নির্মল টলমল পানিতেও লুকানো ছিল কীট।

পাহাড়ের আড়ালে ছায়া শীতল সমতলে
আমি খুঁজে কুঁড়ে ঘর ঠিকানা করেছিলাম
চূড়া থেকে পাথরের আঘাতে চূর্ণ হলাম ঠিক।

নদীর ধার ঘেঁষে সবুজের ফাঁকে দেখেছি বিষ
জীবনের ফাঁকে ওৎ পেতে বসে আছে মৃত্যু
সেখানেও নিরন্তরের নিশ্চয়তা পাইনি এক আনা।

অবশেষে সারি সারি বৃক্ষের দিকে এগোলাম
যদি সজীব নিশ্বাস ও একটু ছায়া পেয়ে যাই
সেখানেও দেখি ঝুলে আছে অসংখ্য মৃত কঙ্কাল।

গোপন কষ্ট গোপন থেকে বলেছে- এখানে কিছু নেই
যা আছে তা শুধুই অবান্তর, উচ্ছিষ্ট, মেকি কোলাহল 
এখানে জীবনের নামে তৃষিত সবাই , নিরন্তরের কাঙাল।