টানা পাঁচদিন ভারী বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমবে সামান্য

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৫-১০-২৯ ১২:২২:১৪
image

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মস্থা’ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে অন্ধ্র প্রদেশ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে এবং ধীরে ধীরে আরও দুর্বল হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আগামী কয়েক দিনে রংপুর ও ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে। ঢাকা, খুলনা ও সিলেট বিভাগেও মাঝারি ধরনের বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। তবে বৃষ্টির প্রবণতা শেষে তাপমাত্রা আবার স্থিতিশীল থাকবে।
আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড় ‘মস্থা’ দুর্বল হলেও এর প্রভাবে সাগর বিক্ষুব্ধ থাকতে পারে। এজন্য উপকূলীয় অঞ্চলে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

কীওয়ার্ডস: ঘূর্ণিঝড় মস্থা, ভারী বৃষ্টি, আবহাওয়া পূর্বাভাস