প ম্পা ঘো ষ

  • তোমার মতো কবিতা
  • ২০২৫-১০-২৯ ০৮:৫০:২০
image

রাতের গভীরে যখন শব্দেরা সব ক্লান্ত,
চোখ দু’টো জেগে থাকে, শুধু হাওয়ার সঙ্গে কথা বলে।
তখনই তুমি আসো—
কবিতা হয়ে, নিঃশ্বাস হয়ে,
ভেতর থেকে ঠিক যেন হৃদয়ের গোপন দরজা খুলে দাও।

হাজার মানুষ, হাজার মুখ,
তবুও কেউ বোঝে না আমার ভাঙার ব্যাকরণ।
তুমি বোঝো—
একেকটি লাইনে ঢেলে দাও হারিয়ে যাওয়া শব্দ,
যেগুলো আমি নিজেই ভুলে গিয়েছিলাম।

যখন দিনগুলো পোড়ে গোপন আগুনে,
তুমি জল হয়ে নামো কাগজের গায়ে।
কখনও নিঃশব্দ, কখনও প্রবল ঝড়—
তবুও তুমি থাকো,
আমার লড়াইয়ের পরোক্ষ সৈনিক হয়ে।

ঘুম আসে না—
তোমার জন্যই না,
নাকি নিজের অস্থিরতার জন্য, বুঝি না।
শুধু জানি, তুমি না এলে
এই রাত এতটা নিঃসঙ্গ হতো না।

তুমি আছো বলেই,
হেরে যাওয়ার পরও লিখে যেতে পারি,
একেকটা লাইন,
যা হয়তো আমার জীবন নয়,
তবুও আমারই আত্মার প্রতিচ্ছবি।

তুমি কবিতা,
কখনও প্রেম, কখনও প্রতিবাদ, কখনও শুধু আমি।
তুমি না থাকলে,
আমি থাকতাম কিনা—সে প্রশ্নেই নেই উত্তর।