চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভ,অপসারণ দাবি

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১০-২৮ ১৮:০৬:২৩
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার বৃহত্তম বিদ্যাপীঠ নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল আওয়ালের বিরুদ্ধে মানববন্ধন,প্রতিবাদ সমাবেশ,অবস্থান ও বিক্ষোভ মিছিল কর্মসূচীূ পালন করেছে কলেজের একদল শিক্ষার্থী। মঙ্গলবার(২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর প্রায়  আড়াইটা পর্যন্ত কলেজের প্রশাসনিক ভবনের সামনে  সাধারণ শিক্ষার্থীর ব্যানারে টানা এসব কর্মসূচী পালন করেন শিক্ষার্থীরা। কর্মসূচী থেকে কর্মদিবসে কলেজে অনুপস্থিতি,দায়িত্ব অবহেলা,আর্থিক অনিয়ম,আর্থিক অনিয়ম,বিধি বহির্ভূতভাবে গেষ্টরুমে অবস্থান, কলেজে শিক্ষার পরিবেশ তথা মাদকমুক্ত রাখতে ব্যর্থতার অভিযোগে অধ্যক্ষের অপসারণ দাবি করা হয়।  শতাধিক  শিক্ষার্থীর  বিক্ষোভের এক পর্যায়ে অধ্যক্ষ তাঁর কক্ষে প্রায় অবরুদ্ধ হয়ে পড়েন।
পরে অধ্যক্ষ,উপাধ্যক্ষ প্রফেসর ড. আমিনুল ইসলাম সহ শিক্ষকরা তাঁদের কক্ষ থেকে  বের হয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনার প্রস্তাব দেন। এরপর বিকাল প্রায় ৪টা পর্যন্ত অধ্যক্ষের  অফিস কক্ষে আলোচনার পর  কিছু  লিখিত দাবি দাওয়া পেশ করে কর্মসূচী থেকে আপাতত: সরে আসেন শিক্ষার্থীরা। কর্মসূচী চলাকালে বক্তব্য দেন ইংরেজী চতুর্থ বর্ষের তারেক আজিজ, গনিত চতুর্থ বর্ষের হাসান আলী প্রমুখ।
অভিযোগের ব্যাপারে অধ্যক্ষ বলেন, এ সব সত্য নয়। সর্বদা কলেজের মঙ্গলে কাজ করে যাচ্ছি। আন্দোলনকারী তারেক বলেন,কলেজের উন্নতি ও শিক্ষার্থীদের কল্যাণে ১৯ দফা দাবি  জানিয়ে আপাতত:  সমঝোতা হয়েছে। অধ্যক্ষ দাবী পূরণের প্রতিশ্রæতি দিয়েছেন।