আসিয়ান-ভারত সম্পর্ক নতুন মাত্রায়, ২০২৫ ঘোষণা করা হলো ‘পর্যটন বর্ষ’

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১০-২৭ ০৯:৪৮:১৪
image

আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক সংযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হলো ২২তম আসিয়ান-ভারত সম্মেলন। রবিবার (২৬ অক্টোবর) আয়োজিত এই সম্মেলনে অংশ নেন আসিয়ান মহাসচিব ড. কাও কিম হর্ন। বৈঠকে উভয় পক্ষের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যতের দিকনির্দেশনা নির্ধারণ করা হয়।
সম্মেলনে আসিয়ান ও ভারতের নেতারা পারস্পরিক সহযোগিতাকে আরও গভীর ও ফলপ্রসূ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা জানান, এই অংশীদারিত্ব কেবল বাণিজ্য নয়, বরং প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন ও সামুদ্রিক নিরাপত্তা খাতেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
২০২৫ সালকে ‘আসিয়ান-ভারত পর্যটন বর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে গৃহীত যৌথ ঘোষণায় টেকসই পর্যটনের ওপর জোর দেওয়া হয়, যা আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
একই সঙ্গে, সামুদ্রিক সহযোগিতা জোরদারে ২০২৬ সালকে ‘আসিয়ান-ভারত সামুদ্রিক সহযোগিতা বর্ষ’ ঘোষণা করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সমুদ্রপথে বাণিজ্য, নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণে যৌথ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে একটি কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে সম্মত হন নেতারা।
আসিয়ান মহাসচিব ড. কাও কিম হর্ন জানান, আন্তর্জাতিক আইন-বিশেষ করে ১৯৮২ সালের জাতিসংঘের সাগর আইন কনভেনশন (UNCLOS) অনুযায়ী নৌ-নিরাপত্তা ও অর্থনৈতিক কার্যক্রমের সুষমতা রক্ষায় উভয় পক্ষের প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ।
সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, আসিয়ান-ভারত সহযোগিতা ভবিষ্যতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা, পরিবেশ সংরক্ষণ এবং জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

কীওয়ার্ডস: আসিয়ান-ভারত সম্মেলন, পর্যটন বর্ষ ২০২৫, সামুদ্রিক সহযোগিতা