অ রু ণি মা চ্যা টা র্জী

  • একটি প্রেমের কবিতা
  • ২০২৫-১০-২৬ ১০:৪৩:৫০
image

আমি মাধবীলতার উত্তরসূরি বলছি !
কি অনায়াসে ভুলেছো আমায়, 
সেইসব কালবৈশাখী ঝোড়ো রাত 
তাও ভুলেছো ?
যখন বৃষ্টির মিলিয়ে যাওয়া 
পদধ্বনি শুনতে শুনতে 
আধখানা হলদেটে চাঁদ 
আকাশে উঁকি দিতো,
তোমার সারি সারি কাঁচের জানলা 
খুলে যেতো !

অবুঝ তৃষ্ণায় 
ব্লটিং পেপারের মতো শুষে নিতে 
সোঁদা মাটির সাথে লেগে থাকা আমার সৌরভ। 
এলোমেলো বাতাসে, আমার শাখা প্রশাখায় 
অস্ফুট মর্মর ধ্বনি 
কান পেতে শুনতে !

প্রেমে পড়েছিলে আমার !
বাতাসে পাঠাতাম কতো ফুল 
তোমার আলো আঁধারি করিডোরে !
আমাকে জড়িয়ে কতো নির্ঘুম রাত 
তোমার চোখে লাল নীল স্বপ্ন বুনতো,
তোমার বলা না বলা কথা 
আমার শিরা-উপশিরায় ছড়িয়ে গিয়ে 
বেঁধে ছিলো এক অদৃশ্য বন্ধনে। 
তোমার ভালোবাসার প্রথম পাঠ, 
সে পাঠ শেষ হলো না !
তুমি ভালবাসতে ভুলে গেলে, 
আমি বুড়ো হচ্ছিলাম। 

তোমার সাজানো বাগানে 
মূর্তিমান এক ছন্দপতন !
বয়সের ভারে নতজানু,
কাঁচের জানলা বন্ধ থাকে আজকাল !
আর এক কালবৈশাখী ঝড়ে 
উড়ে গেলাম অন্য কোন প্রেমিকের খোঁজে। 
রেখে গেলাম এক টুকরো ডাল !
যদি আবার ভালবাসতে শেখো !