শাহজালাল বিমানবন্দর অগ্নিকাণ্ডে আন্তর্জাতিক তদন্ত দল গঠন হচ্ছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১০-২৫ ১৩:৩৪:৩৮
image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অব্যবস্থাপনা বা ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞদের নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার (২৫ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞদের নিয়ে একটি তদন্ত দল গঠন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তারা আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির মাত্রা ও দায়ী ব্যক্তিদের শনাক্ত করবেন।
জাহাঙ্গীর আলম বলেন, “আমার ধারণা, এটি একটি দুর্ঘটনা। তবে বিষয়টি সম্পূর্ণভাবে নিশ্চিত হতে বিশেষজ্ঞদের দিয়ে গভীরভাবে তদন্ত করানো হবে। আগুন নেভাতে বিমানবন্দরের চারটি ইউনিট তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালায়।”
তিনি আরও জানান, দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরের দিন বিকেলে সম্পূর্ণভাবে নিভে যায়।

কীওয়ার্ডস: শাহজালাল বিমানবন্দর আগুন, আন্তর্জাতিক তদন্ত, কার্গো ভিলেজ অগ্নিকাণ্ড