চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব রফিকুলের ১ বছর কারাদন্ড,৪০ লক্ষ টাকা অর্থদন্ড

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১০-২১ ১৮:৫৯:৩৪
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জে শহরের ব্যবসায়ী হাম্মাদ আলীর  এনআই  আ্যাক্টেও ১৩৮ ধারাায় দায়ের করা ব্যাংক চেক ডিজঅনার সংক্রান্ত একটি মামলায় ব্যবসায়ী ও জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ওরফে চাইনিজ রফিককে এক বছর কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাঁকে চেকে বর্নিত চল্লিশ লক্ষ টাকা  অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে । মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের যুগ্ম দায়রা প্রথম আদালতের বিচারক আ: বা: মো: নাহিদুজ্জমান আসামীর অনুপস্থিতিতে সাজা ঘোষণা করেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) জহির জামান জনি বলেন, ২০১৩ সালের ২০ জানুয়ারী  আসামী বাদীকে ১০ লক্ষ টাকা করে  ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৪টি চেক প্রদান করেন। যা পরে ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত(ডিজঅনার) হয়। এ প্রেক্ষিতে লিগ্যাল নোটিশ প্রদানের পরও নির্ধারিত সময়ে  টাকা পরিশোধ না হওয়ায় বাদী গত ২০১৩ সালের ২৭ মার্চ  এই মামলা দায়ের করেন (সিআর ১৪৮/২০১৩)। দীর্ঘ শুনানী শেষে আদালত মঙ্গলবার দুপুরে মামলার রায় ঘোষণা করেন। রায়ে আদালত ৬০ দিনের মধ্যে নালিশকারীকে  অর্থদন্ডে বর্নিত টাকা প্রদানের জন্য আসামীকে নির্দেশ দেন। এছাড়া  দন্ডিতের বিরুদ্ধে সাজা পরোওয়ানা জারির আদেশ দেন।
মামলার ব্যাপারে আসামীপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক খান বলেন, এই মামলার  ব্যাপারে উচ্চ আদালতে আপীল করা হবে।
উল্লেখ্য,মামলার বাদী আওয়ামী লীগ কর্মী হিসেবে পরিচিত। অপারেশন ডেভিল হান্টে তিনি  গ্রেপ্তার হয়েছিলেন।