চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’-প্রতিপাদ্যে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচী উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জল কুমার ঘোষ। পরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিসংখ্যান কার্যালয় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রাজীব কুমার কর্মকার। তিনি পরিসংখ্যান ব্যুরোর কার্যক্রম ও পরিসংখ্যান বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার। এছাড়াও বক্তব্য দেন শিবগঞ্জ মহিলা কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ইকবাল হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান। এসময় জেলা পরিসংখ্যান কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।