ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাচ্ছেন ৪২ দেশের নাগরিক

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১০-১৯ ২২:২৭:১৯
image

২০২৫ সালে বিশেষ ভিসা ওয়েভার প্রোগ্রামের (Visa Waiver Program - VWP) আওতায় ৪২ দেশের নাগরিকরা ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ পাচ্ছেন। এই উদ্যোগের মাধ্যমে সংক্ষিপ্ত সফর, পর্যটন বা ব্যবসায়িক উদ্দেশ্যে মার্কিন ভিসা ছাড়াই প্রবেশ করা যাবে দেশটিতে। তবে এই প্রোগ্রামে কাজ করা বা পড়াশোনার অনুমতি নেই।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ইউরোপের মধ্যে অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইডেন, নেদারল্যান্ডস, রোমানিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে ও মোনাকোসহ বেশ কয়েকটি দেশ এই সুবিধার আওতায় রয়েছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও নিউজিল্যান্ডও অন্তর্ভুক্ত। এছাড়া মধ্যপ্রাচ্য ও আমেরিকার মধ্যে তাইওয়ান, কাতার, ইসরায়েল ও চিলি রয়েছে।
এই প্রোগ্রামের সুবিধা পেতে ভ্রমণকারীদের ইলেকট্রনিক পাসপোর্ট থাকতে হবে, যাতে এমবেডেড নিরাপত্তা চিপ সংযুক্ত থাকে। অনলাইনে ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন (ESTA)-এর মাধ্যমে আবেদন করতে হয়, যা অনুমোদিত হলে দুই বছর পর্যন্ত বৈধ থাকে।
তবে এই প্রোগ্রামে অংশ নিতে হলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়। অপরাধমূলক রেকর্ড থাকা ব্যক্তি, অথবা ২০১১ সালের পর ইরান বা উত্তর কোরিয়ার মতো নিষিদ্ধ দেশে ভ্রমণ করা কেউ এর আওতায় আবেদন করতে পারবেন না। সর্বোচ্চ ৯০ দিনের অবস্থানের সীমা নির্ধারিত, এবং অভিবাসন, চাকরি বা উচ্চশিক্ষার উদ্দেশ্যে যাত্রা করলে আলাদা ভিসা নিতে হবে।
এই প্রোগ্রাম যুক্তরাষ্ট্র ভ্রমণকে সহজ, দ্রুত এবং নিরাপদ করার পাশাপাশি পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারে নতুন দিগন্ত খুলে দিয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

কীওয়ার্ডস:
যুক্তরাষ্ট্র ভিসা ছাড়াই ভ্রমণ, ভিসা ওয়েভার প্রোগ্রাম ২০২৫, ইউএস ট্রাভেল অনুমোদন