অ রু ণি মা চ্যা টা র্জী

  • অমরত্বের মন্ত্র”
  • ২০২৫-১০-১৯ ০৯:৫১:১৭
image

ঢলঢলে জোছনায় ভেসে যায় মায়াবী চরাচর,
তার একফোঁটা  রুপোলি কণা এসে পড়ে
আমার মায়ের কপালের ভাঁজে !
যেন সময় নিজেই সিঁদুর পরে নিয়েছে ঘুমের সাজে।

আমার মা এখন নিঃশব্দ নদী !
যার বুকের ঢেউ থেমে গেছে,
তবু যার স্রোত বহে আমার শিরায় শিরায়।
আমি মায়ের অভ্যাস হয়ে গেছি,
যেন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানোর মতো এক সহজ রীতি।

মা যে ভালোবাসাকে বদ অভ্যাস বানিয়েছিল,
তারাই এখন আমার স্মৃতির জোনাকি।
আমি আলো খুঁজতে গেলেই
সেগুলোই টিমটিম করে জ্বলে ওঠে মনের ভিতর।

আমি যে স্বপ্নের মূল্যে আকাশ ছুঁয়েছি,
সে আকাশে এখন মায়ের ছায়া নেই,
শুধু এক মৃদু শ্বাসের শব্দ !
যা বলে, “তুই ফিরে আয়।”

বুড়ো হাতদুটো আজকাল
সব প্রশ্নের জবাব হয়ে গেছে,
না বলেও বলে ফেলে,
কতটা অভিমান জমে আছে নখের ডগায়।

আমি বুঝেছি,
মা-বাবারা মৃত্যুর সঙ্গে বন্ধুত্ব করে না,
তারা শুধু স্মৃতির রাত্রিতে চুপচাপ হাঁটতে শেখে।
তাদের কাছে মৃত্যু মানে
অন্য ঘরে গিয়ে বসা,
যেখানে সময় থেমে থাকে চিরতরে,
কিন্তু ভালোবাসা চলে নিরবিচ্ছিন্ন।

আমরা যারা বাঁচতে শিখেছি,
তাদের শেখাতে হবে অমরত্বের মন্ত্র !
স্মৃতি সাজাও, সময় দাও,
যেভাবে তারা দিত নিঃশেষে।
ভালোবাসার মাপ কোরো না,
দেওয়ার আগে ভেবো না,
তোমার হাতে কতটা আছে ?
ভালোবাসা গণনা মানে তো
সূর্যকে মাপার চেষ্টা!

জানালার বাইরে চাঁদ মেঘে ঢাকা,
তবু আলো পড়ছে মায়ের মুখে !
যেন চাঁদ নিজেই এসে বলছে,
এবার তোমার পালা।
এই অনৈসর্গিক মায়া রাতে 
প্রকৃতি যখন অতিপ্রাকৃতের সঙ্গে, মিলিত হয় 
কে যেন আমার কানে কানে 
বলে ? অমরত্ব চাও ! তাহলে স্মৃতি সাজাও, 
পরিপাটি করে পরিবেশন করো জ্যোৎস্নাগোলা থালায় তোমার ক্ষুধার্ত মায়ের কানে।
তোমার মা, তোমায় বলা গল্প, স্মৃতি হারিয়ে ফেলেছে,
তাই মৃত্যুর সঙ্গে সন্ধি করতে চায় ! 

আমি মায়ের কানে কানে বলি !
লাল কমল নীল কমল জেগে উঠুক আবার,
তোমার গল্পগুলোর শ্বাস আমি বহন করবো।
দেয়ালে ঝুলে থাকা  বাবা মার আদুরে যুবক,পুরনো ছবির হাসি
আমার দিকে তাকিয়ে থাকে
আমি হেসে ফেলি।

জানি, আমি শিখে ফেলেছি মন্ত্রটা !
ভালোবাসা হলেই অমরত্ব ঘটে।
সময় হারিয়ে যায়, শরীর ক্ষয়ে যায়,
তবু মায়ের অভ্যাস, বাবার মুখের রেখা,
স্মৃতির আলোয়
বারবার ফিরে আসে !
আমার প্রতিটি নিশ্বাসে।