১৯ অক্টোবর থেকে শাহবাগে লাগাতার আন্দোলনে যাচ্ছে চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ

  • মোঃ আলী হোসেন
  • ২০২৫-১০-১৮ ১৯:১৪:১১
image

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও কর্মসংস্থান নিশ্চিতকরণের দাবিতে আগামীকাল ১৯ অক্টোবর ২০২৫ ইং রবিবার সকাল ১০টা থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে লাগাতার আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছে “চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ”।
সংগঠনটি জানায়, প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার ও কর্মসংস্থান নিশ্চিতের দাবিতে তারা গত ৫ অক্টোবর২০২৫ইং প্রধান উপদেষ্টার কার্যালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরে স্মারকলিপি প্রদান করেছে।
তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, ১৮ অক্টোবরের২০২৫ইং মধ্যে দাবিগুলো বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক; অন্যথায় ১৯ অক্টোবর২০২৫ইং থেকে শাহবাগে লাগাতার আন্দোলন শুরু হবে।
এর আগে ২০১৮ সাল থেকে প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার আদায়ে সংগঠনটি ধারাবাহিক আন্দোলন, মানববন্ধন, সংবাদ সম্মেলন, রিট, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎসহ নানা কর্মসূচি পালন করেছে। তবুও কর্মসংস্থানের ক্ষেত্রে বাস্তব অন্তর্ভুক্তি নিশ্চিত না হওয়ায় তারা পুনরায় আন্দোলনে নামছে।
সংগঠনের দাবি অনুযায়ী, প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য নিচের পাঁচটি দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে-

১। নির্বাহী আদেশে বিশেষ নিয়োগ: প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী বেকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে বিশেষ নিয়োগ দিতে হবে এবং প্রতি দুই বছর পরপর নতুন বিজ্ঞপ্তি দিতে হবে।
২। প্রতিবন্ধী কোটা সংরক্ষণ: প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে ২% এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫% স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা সংরক্ষণ করে প্রিলি, লিখিত ও মৌখিক পরীক্ষায় তা কার্যকর করতে হবে।
৩। শ্রুতি লেখক নীতিমালা সংশোধন: প্রতিবন্ধী পরীক্ষার্থীদের নিজের পছন্দে শ্রুতি লেখক মনোনয়নের স্বাধীনতা দিতে হবে।
৪। বিশেষ নিয়োগের সুযোগ: সমাজসেবা অধিদপ্তরের অধীন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম ও পিএইচটি সেন্টারসমূহের শূন্য পদে দৃষ্টি প্রতিবন্ধী চাকরি প্রত্যাশীদের জন্য বিশেষ নিয়োগ দিতে হবে।
৫। চাকরির বয়সসীমা বৃদ্ধি: প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করতে হবে; সাধারণ প্রার্থীদের জন্য যদি ৩৫ নির্ধারিত হয়, তবে প্রতিবন্ধীদের জন্য ৩৭ করতে হবে।
সংগঠনের আহ্বায়ক মোঃ আলী হোসেন বলেন, “আমরা ৫ সেপ্টেম্বর২০২৫ইং প্রধান উপদেষ্টার কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দিয়েছি। ১৮ অক্টোবরের২০২৫ইং মধ্যে যদি কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হয়, তাহলে ১৯ অক্টোবর২০২৫ইং সকাল ১০টা থেকে শাহবাগে লাগাতার কর্মসূচি শুরু হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না  প্রয়োজনে অনশনেও যাব।”
তিনি আরও বলেন, “আমরা শিক্ষিত, যোগ্য ও কর্মক্ষম। অথচ নীতিমালার অপূর্ণতা ও সামাজিক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতার কারণে আমরা বারবার বঞ্চিত হচ্ছি। এটি শুধু ব্যক্তিগত নয়, জাতীয় উন্নয়নের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি করছে।”
সংগঠনটি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, ১৮ অক্টোবরের২০২৫ইং মধ্যে দাবিগুলোর বাস্তবায়নে কার্যকর সিদ্ধান্ত না এলে ১৯ অক্টোবর২০২৫ইং থেকে শাহবাগে লাগাতার আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।