শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফ্লাইট ওঠানামা সাময়িক স্থগিত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১০-১৮ ১৯:২৯:২৪
image

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুন লাগে বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি পণ্য মজুত অংশে।
আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও ১৬টি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার পরপরই বিমানবন্দরের নিজস্ব ফায়ার টিম, বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং বেসামরিক ফায়ার সার্ভিস যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বিকেল সাড়ে ৩টার দিকে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ সাংবাদিকদের জানান, “আগুনের কারণে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হবে।”
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইট ওঠানামা স্থগিত থাকায় ট্যাক্সিওয়েতে অপেক্ষমাণ রয়েছে ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি১৬৩ ফ্লাইট এবং মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই১১১৬ ফ্লাইট। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর পুনরায় চট্টগ্রামে ফিরে যায়।
কার্গো ভিলেজের এই অংশে মূলত আমদানি করা পণ্য মজুত রাখা হয়, ফলে অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ মালামালের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, “আগুনের উৎস এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।”
বিকেল পর্যন্ত ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। বিমানবন্দর এলাকায় জারি করা হয়েছে সতর্কতা, এবং ফ্লাইট চলাচল পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে।

কীওয়ার্ডস:
শাহজালাল বিমানবন্দর আগুন, কার্গো ভিলেজ অগ্নিকাণ্ড, ফ্লাইট স্থগিত