চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত নারীসহ ১৪,বাড়িঘরে হামলা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১০-১৪ ১৮:১৯:৩৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়  পূর্ব শত্রæতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দু’গ্রæপের সংঘর্ষে নারীসহ অন্তত: ১৪ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন  হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় অন্তত: ১০/১২টি বাড়িঘরে হামলা করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।  বিএনপি নেতৃবৃন্দ,স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার(১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে ফতেপুর ইউনিয়নের  ৬ নং ওয়ার্ডের ফুলবাড়ি গ্রামে হামলা ও মারধর শুরু হয়। পরে তা পাশের একই ওয়ার্ডের মারকইল এবং ৫ নং ওয়ার্ডের পাহাড়পুর গ্রামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নাচোল থানার বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিএনপি  কেন্দ্রীয় নেতা  ও আসন্ন নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি আমিনুল  ইসলাম  এবং  একই আসনে অপর মনোনয়ন প্রত্যাশী  জেলা বিএনপি নেতা আব্দুস সালাম তুহিনের সমর্থক কর্মীরা  বেশ কিছুদিন যাবৎ চলা এই দ্বন্দে জড়িত। তবে আমিনুল ইসলাম এবং আব্দুস সালাম তুহিন উভয়ই বলেন, বিষয়টি রাজনৈতিক সমস্যা নয়। স্থানীয় সমস্যা। স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি  ভাল জানেন। চলমান  সংকট মেটাতে পুলিশকে বারবার বলা হয়েছে বলেও জানান আমিনুল ইসলাম।
নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুল ইসলাম বলেন,মঙ্গলবার সকাল থেকে তিন গ্রাম জুড়ে  বাড়িঘরে হামলা ও ১৪ জন আহতের ঘটনার শিকার  মূলত: তুহিন পক্ষের লোকজন। তবে দু’পক্ষের লোকজন  দেশী অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়ায়।  এ আগে গত রোববার চলামান দ্বন্দে আমিনুল পক্ষের একজন গুরুতর আহত হলে মামলা হয়। ওই মামলায় কেউ গ্রেপ্তার হয় নি। মঙ্গলবারের ঘটনাতেও কেউ আটক হয় নি  জানিয়ে ওসি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। কেউ এখনও কোন অভিযোগ করে নি।