ইসরায়েল থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন শহিদুল আলম,জানালেন গাজার প্রতি সংহতির বার্তা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১০-১১ ০৯:১৪:২৭
image

ইসরায়েলে আটক থাকার পর দেশে ফিরেছেন প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে পৌঁছেই ফুল দিয়ে তাকে স্বাগত জানান পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। এরপর তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এবং গাজার মানুষের দুর্দশা তুলে ধরে বলেন, “গাজার মানুষ এখনো নির্যাতনের শিকার হচ্ছে। যতদিন ফিলিস্তিন মুক্ত না হবে, আমাদের আন্দোলন চলবে।”
শহিদুল আলম আরও জানান, ইসরায়েলি সেনারা তাকে আটক করার সময় বাংলাদেশি পাসপোর্ট দেখে ক্ষিপ্ত হয়ে তা মাটিতে ফেলে দেয়। তিনি বলেন, “এটি শুধু আমার নয়, পুরো দেশের প্রতি অপমান। এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
তিনি দেশবাসী, অন্তর্বর্তী সরকার, তুরস্ক সরকার ও টার্কিশ এয়ারলাইন্সকে ধন্যবাদ জানান তার মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য।
এর আগে তিনি শুক্রবার বিকেলে ইস্তাম্বুলে পৌঁছালে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাকে স্বাগত জানান। পরে সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে শনিবার ভোরে দেশে ফেরেন তিনি।
শহিদুল আলম ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও গাজায় অবরোধ ভাঙার দাবিতে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর মানবিক নৌযাত্রায় যোগ দিয়েছিলেন। গত ৮ অক্টোবর গাজামুখী নৌবহরে ইসরায়েলি বাহিনীর হামলায় তাকে অন্য অধিকারকর্মীদের সঙ্গে আটক করা হয়।
বাংলাদেশ সরকার তার মুক্তির জন্য দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেয় এবং তুরস্ক, মিশর ও জর্ডানের সঙ্গে যোগাযোগ রাখে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

কীওয়ার্ডস:
শহিদুল আলম, ইসরায়েল, ফ্রিডম ফ্লোটিলা