শিশু অধিকার আন্দোলনে আন্তর্জাতিক স্বীকৃতি,শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেলেন সাতক্ষীরার সুদীপ্ত দেব

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • ২০২৫-১০-১০ ১৫:৪৬:৩৭
image

শিশু সুরক্ষা, শিক্ষা ও জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ (১৫) মনোনীত হয়েছেন ২০২৫ সালের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য। এই পুরস্কারকে শিশুদের ‘নোবেল’ হিসেবে বিবেচনা করা হয়।
নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের শিশু অধিকার রক্ষায় কাজ করা শিশুদের এ সম্মানজনক পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে থাকে।
গত তিন বছর ধরে উপকূলীয় অঞ্চলে বাল্যবিয়ে, শিশুশ্রম ও শিক্ষাবঞ্চনার বিরুদ্ধে লড়াই করে আসছেন সুদীপ্ত। তিনি গ্রামীণ ও অনলাইন উভয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি করে একাধিক বাল্যবিবাহ প্রতিরোধ করেছেন এবং বহু পরিবারকে শিক্ষার গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করেছেন।
চলতি বছর সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজের একাদশ শ্রেণিতে পড়ছেন তিনি। শহরের মাস্টারপাড়ার বাসিন্দা সুদীপ্ত যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথ দম্পতির সন্তান।
সুদীপ্ত অনলাইন প্ল্যাটফর্মে ওয়েবিনার, সামাজিক যোগাযোগমাধ্যম প্রচারণা ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে হাজারো মানুষের কাছে শিশু অধিকার সম্পর্কিত বার্তা পৌঁছে দিয়েছেন। পাশাপাশি মাঠপর্যায়ে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা ও শিক্ষার গুরুত্ব নিয়ে কর্মশালা আয়োজন করছেন।
মনোনয়ন প্রসঙ্গে সুদীপ্ত বলেন, “আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। শিশুদের নিয়ে কাজ করতে আমার ভালো লাগে, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করতে চাই।”

কীওয়ার্ডস: সুদীপ্ত দেবনাথ, শিশু শান্তি পুরস্কার, সাতক্ষীরা শিশু অধিকার