ভাঙা সড়কে জমে থাকা পানিতে মাছ ছেড়ে প্রতিবাদ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর অভিনব কর্মসূচি

  • কুমিল্লা প্রতিনিধি
  • ২০২৫-১০-১০ ১৩:৫০:৩৯
image

কুমিল্লার দেবিদ্বারে চলাচলের অযোগ্য হয়ে পড়া সড়ক সংস্কারের দাবিতে এক অভিনব প্রতিবাদের আয়োজন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (১০ অক্টোবর) সকালে গণসংযোগে গিয়ে তিনি দেবিদ্বার-চান্দিনা সড়কের কাচিসার এলাকায় জমে থাকা পানিতে মাছ ছেড়ে এই প্রতিবাদ জানান।
দেবিদ্বার-চান্দিনা সড়কটি ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সংযোগ পথ হওয়ায় এটি এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় সাড়ে ১৪ কিলোমিটার এই সড়ক সংস্কার না হওয়ায় বড় বড় গর্ত তৈরি হয়েছে, যা অল্প বৃষ্টিতেই জলাশয়ে পরিণত হয়। এতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটছে।
প্রতিবাদ কর্মসূচিতে হাসনাত আবদুল্লাহ বলেন, “এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। কয়েক দিন আগে এই রাস্তায় এক শ্রমিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মনে হচ্ছে, এই সড়ক আর যানবাহনের নয়, বরং মাছ চাষের উপযোগী হয়ে গেছে। যদি সংস্কার না হয়, তাহলে এখানে মাছ চাষ শুরু করুন-মানুষ অন্তত কিছু মাছ খেতে পারবে।”
তিনি আরও বলেন, “দেবিদ্বারের রাস্তাঘাটের অবস্থা এতটাই করুণ যে এখন জিয়ল মাছ ছাড়া যায়। আমি প্রতীকীভাবে মাছ ছাড়ছি, আপনারাও ছাড়ুন, দেখি তাতে কিছু হয় কিনা।”
স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ কারণে জনগণের ক্ষোভ ক্রমেই বাড়ছে। হাসনাত আবদুল্লাহর এই ব্যতিক্রমী প্রতিবাদ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

কীওয়ার্ডস: দেবিদ্বার সড়ক দুরবস্থা, মাছ ছেড়ে প্রতিবাদ, হাসনাত আবদুল্লাহ