তি থি আ ফ রো জ

  • ফানুস
  • ২০২৫-১০-০৬ ২৩:১৪:৫০
image

ভালোবাসা হলে দেহ ভাসে হাওয়ায়,
নড়বড়ে জল, চোখের ভিতর জমে থাকে নীরব ছোঁয়া।

হৃদয়, কাঁচের বেলুন,
নেমে আসে বুকের ভাঁজে,
ঢেউয়ের মতো ছুঁয়ে দেয় নীরব আশায়।

প্রেমের আঙুলে চিৎকার নেই,
শুধু মৃদু স্পর্শ,
ভেঙে যায় রোদছায়ার মধ্যে।

ফানুস ভেসে হয় মানুষ, অথবা মানুষই হয় ফানুস 
অবচেতন বাঁকে জমে থাকে উষ্ণ গন্ধ,
অচেনা নদীর মতো ঝরনা ঘুরে আসে পায়ের তলায়।

একটি হাসি, যা শিশুর মতো ঝলমল জলছাপের মতো,
নিয়ন্ত্রণহীন, হালকা, কিন্তু বুকের নিচে জমে থাকে আগুন।

ভালোবাসার ভিতর জন্ম নেয় অদৃশ্য শহর,
প্রতিটি নিঃশ্বাস ভেসে ওঠে ফানুসের রূপে,
মানুষ-অল্পক্ষণের জন্য প্রেমে ডুবে জীবনের দিকে উড়ে চলে।