টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রকে পুতিনের কঠোর হুঁশিয়ারি

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১০-০৫ ২৩:১৮:৪১
image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন যদি ইউক্রেনকে রাশিয়ার গভীরে আঘাত হানার জন্য টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, তবে তা রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের "সম্পূর্ণ ধ্বংস" ডেকে আনবে। রোববার (৫ অক্টোবর) রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই সতর্কবার্তা দেন পুতিন।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের মাত্র দুই মাস পরই রাশিয়া-আমেরিকার কূটনৈতিক সম্পর্ক আবারও টানাপোড়েনের মুখে পড়েছে। ইউক্রেন দাবি করেছে, রুশ ড্রোন এখন ন্যাটোর আকাশসীমা পর্যন্ত প্রবেশ করছে। এমন উত্তেজনাপূর্ণ সময়েই ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “পুতিন শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছেন। রাশিয়া এখন কেবল কাগুজে বাঘ।” জবাবে পুতিন পাল্টা মন্তব্য করেন, “ন্যাটোই কি কাগুজে বাঘ নয়, যারা রাশিয়ার অগ্রযাত্রা থামাতে পারেনি?”
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত মাসে জানান, ইউক্রেনের অনুরোধে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এই ক্ষেপণাস্ত্র রাশিয়ার রাজধানী মস্কো পর্যন্ত আঘাত হানতে সক্ষম। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।
পুতিন বলেন, “এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে রাশিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুরোপুরি ধ্বংস হবে। সামান্য যে ইতিবাচক অগ্রগতি হচ্ছিল, সেটিও থেমে যাবে।”
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে শুধু টমাহক ক্ষেপণাস্ত্রই নয়, বরং রাশিয়ার জ্বালানি অবকাঠামো সম্পর্কিত গোয়েন্দা তথ্যও সরবরাহের পরিকল্পনা করছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের পরিকল্পনা “বাস্তবসম্মত নয়”, কারণ এগুলো বর্তমানে মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অস্ত্রভাণ্ডারের অংশ।
টমাহক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২ হাজার ৫০০ কিলোমিটার, যা পুরো রাশিয়া ও ক্রেমলিন পর্যন্ত পৌঁছাতে সক্ষম। পুতিন এর প্রতিক্রিয়ায় বলেন, “এই ক্ষেপণাস্ত্র আমাদের ক্ষতি করতে পারবে, কিন্তু রাশিয়া সেগুলো ভূপাতিত করবে এবং নিজেদের প্রতিরক্ষা আরও শক্তিশালী করবে।”
রুশ প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধকে পশ্চিমাদের সঙ্গে সম্পর্কের “মোড় ঘোরানো মুহূর্ত” হিসেবে বর্ণনা করেছেন। তার দাবি, ন্যাটোর সম্প্রসারণ ও পশ্চিমাদের হস্তক্ষেপ রাশিয়ার সার্বভৌমত্বে আঘাত হেনেছে। তবে ইউক্রেন ও পশ্চিমা নেতারা এই যুদ্ধকে “রাশিয়ার আগ্রাসন ও ভূমি দখলের প্রচেষ্টা” বলে উল্লেখ করেছেন।

কীওয়ার্ডস:
ভ্লাদিমির পুতিন, টমাহক ক্ষেপণাস্ত্র, যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক, ইউক্রেন যুদ্ধ, রয়টার্স