গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে স্পেনের বার্সেলোনা। শুক্রবার (৩ অক্টোবর) হাজারো ফিলিস্তিনপন্থি নাগরিক রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করে শহরজুড়ে আন্দোলন ছড়িয়ে দেন।
বিক্ষোভকারীরা হাতে ফিলিস্তিনের পতাকা, ব্যানার ও পোস্টার নিয়ে ইসরাইলি আগ্রাসনের অবসান ও গাজায় অবরোধ প্রত্যাহারের দাবি জানান। এসময় তারা শহরের প্রধান প্রধান সড়কজুড়ে স্লোগানে মুখরিত করে তোলে-'ফ্রি প্যালেস্টাইন', 'স্টপ জেনোসাইড', 'বয়কট ইসরাইল'।
পরিস্থিতি এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা স্টারবাকস, বার্গার কিং, ক্যারেফোরসহ বেশ কয়েকটি ইসরাইলি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়। দোকানপাটে আগুন ধরানোর চেষ্টা ও দেয়ালে ইসরাইলবিরোধী স্লোগান লেখার ঘটনাও ঘটে।
এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে এবং বেশ কয়েকজনকে আটক করে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অন্তত ২০ জন বিক্ষোভকারী ও ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন।
এদিকে, একই দিনে ইসরাইল কর্তৃপক্ষ গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে গাজায় প্রবেশে বাধা দিলে বার্সেলোনার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও রাস্তায় নামে এবং বিক্ষোভে যোগ দেয়।
বিশ্লেষকরা বলছেন, গাজার মানবিক সংকট ঘিরে ইউরোপজুড়ে প্রতিবাদের ঢেউ বাড়ছে, যার সর্বশেষ প্রকাশ দেখা গেল বার্সেলোনার রাস্তায়।
বার্সেলোনা বিক্ষোভ, গাজা যুদ্ধ, ইসরাইল আগ্রাসন, ফিলিস্তিন সমর্থন, স্পেন নিউজ