চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে খালিদ মুসাব্বির ওরফে আশিক (২৮) নামে মোটরসাইকেল চালক এক যুবক নিহত হয়েছেন। তিনি নাচোল সদর ইউনিয়নের মাক্তাপুর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে এবং নাচোলের নেজামপুর ইউনিয়নের হাটবাকইল জামে মসজিদের ইমাম ছিলেন।
স্থানীয় সূত্র, ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, শুক্রবার(৩অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মসজিদে নামাজ পড়াতে যাবার সময় নাচোল থেকে আমনুরাগামী সড়কের নাচোল পৌর হামিদপুর এলাকায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে মোটরসাইকেলের। এ সময় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান খালিদ মুসাব্বির। খবর পেয়ে নাচোল ফায়ার ষ্টেশনের সদস্যরা মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ এসে মরদেহ হেফাজতে নেয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি আটক করেছে। তবে এর চালক পলাতক রয়েছেন। মোটরসাইকেল চালক নিহতের ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।