আগামী দিনের স্বপ্ন: তরুণদের সঙ্গে মাদক ও সন্ত্রাসমুক্ত দৌলতপুর গড়ার ঘোষণা জুয়েলের

  • মিজানুর রহমান
  • ২০২৫-১০-০৩ ১৯:১৫:৫৫
image

দৌলতপুর প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে এক ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে তরুণদের স্বপ্ন আর প্রত্যাশার মঞ্চ হয়ে উঠেছিল উপজেলা অডিটোরিয়াম। 
নূরজাহান রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার বিকেল চারটায় অনুষ্ঠিত হয় “তারুণ্যের ভাবনায় আগামীর দৌলতপুর” শীর্ষক শিক্ষার্থী পুনর্মিলনী।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবাইল ইসলাম হিমেল। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক আলতাফ হোসেন, তরুণ উদ্যোক্তা দেওয়ান সাইফুল ইসলাম পলাশ এবং মজিবনগর সরকারি কলেজের প্রভাষক আফসানা পারভিন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দৌলতপুরের শিক্ষার্থীসহ স্থানীয় মাধ্যমিক ও কলেজ শিক্ষকেরাও অংশ নেন।
প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের নানা জিজ্ঞাসার জবাব দেন শরিফ উদ্দিন জুয়েল। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে একটি মাদক ও সন্ত্রাসমুক্ত দৌলতপুর গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জুয়েল বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দৌলতপুরের চালিকাশক্তি। তাদের শক্তি, স্বপ্ন আর উদ্যমকে কাজে লাগিয়ে আমরা নতুন দৌলতপুর গড়ে তুলব।”
অনুষ্ঠান জুড়ে ছিল তারুণ্যের উচ্ছ্বাস, অভিজ্ঞতা বিনিময় আর আগামী দিনের দৌলতপুরকে সুন্দর ও সম্ভাবনাময় করে তোলার অঙ্গীকার।