২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রতিবছরের ন্যায় এ বছরও দেশব্যাপী অক্টোবর মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে নিসচা।
এই লক্ষ্যে ১ অক্টোবর নিসচার পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও নিসচা কর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিসচা মহাসচিব এস এম আজাদ হোসেন।
সংবাদ সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নিসচা সদস্য মান্নান ফিরোজ। শোক প্রস্তাব উত্থাপন করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন কমিটির সদস্য সচিব এডভোকেট তৌফিক আহসান টিটু।
স্বাগত বক্তব্যের শুরুতে মহাসচিব এস এম আজাদ হোসেন,নিসচা প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের একমাত্র সুযোগ্য পুত্র,সংগঠনের ভারপ্রাপ্ত-চেয়ারম্যান জনাব মিরাজুল মঈন জয়কে উপস্থিত সকলের সামনে উপস্থাপন করেন-যিনি কানাডা থেকে ভার্চুয়ালী সংবাদ সম্মেলনে যোগ দিয়েছেন।
মহাসচিব সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন-
আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে আপনাদের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণার। সম্মানিত সাংবাদিকবন্ধু, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ এবং আমাদের প্রিয় সংগঠনের নেত্রীবৃন্দ-আপনাদের আন্তরিক অংশগ্রহণে এ আয়োজন আরও অর্থবহ হয়ে উঠেছে।
তিনি বলেন,বাংলাদেশে সড়ক দুর্ঘটনা যেন এক নিত্যনৈমিত্তিক ট্র্যাজেডি। প্রতিদিনই দেশের কোনো না কোনো প্রান্তে প্রাণ হারাচ্ছেন মানুষ। রক্তে ভেজা পিচঢালা সড়ক এখন আর খবর নয়, বরং নিয়মিত বাস্তবতা। দুর্ঘটনার সংখ্যা যতই বাড়ছে, ততই কমছে জনসচেতনতা, নীতিনির্ধারকদের দায়বোধ এবং রাষ্ট্রের কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। অথচ সড়ক নিরাপত্তা নিয়ে রাষ্ট্রীয় ও বেসরকারি পর্যায়ে বহু আলোচনা, সভা-সেমিনার হয়; আইন হয়, প্রকল্প নেওয়া হয়-কিন্তু দুর্ঘটনার গতি রোধ হয় না।
তিনি বলেন,সড়ক দুর্ঘটনা কোনো দৈব ঘটনা নয়-এটি আমাদের দীর্ঘদিনের অবহেলা, ব্যর্থতা ও অসচেতনতার ফসল। প্রতিটি মৃত্যুর পেছনে দায় আছে রাষ্ট্রের, সমাজের, পরিবারের এবং ব্যক্তির। নিরাপদ সড়ক একটি মানবাধিকার। এটি শুধু সরকারের দায়িত্ব নয়, বরং নাগরিকদেরও একটি নৈতিক দায়িত্ব।
গনমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জানেন, গণমাধ্যম সত্য ও জনস্বার্থের বার্তাবাহক। আপনাদের কলম, ক্যামেরা ও কণ্ঠস্বর আমাদের সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির পথকে আলোকিত করে। আমরা বিশ্বাস করি, আজকের এই আয়োজনের বার্তা আপনাদের সহযোগিতায় সঠিকভাবে জনগণের কাছে পৌঁছাবে।
একইভাবে, আমাদের সংগঠনের নিবেদিত নেতৃবৃন্দ ও কর্মীরা সবসময় সমাজ ও দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। আপনাদের উপস্থিতি আমাদের পথচলাকে আরও দৃঢ় ও শক্তিশালী করবে।আমরা আশা করি, আজকের এই সংবাদ সম্মেলন ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও জাতীয় স্বার্থ রক্ষার সংগ্রামে একটি ইতিবাচক মাইলফলক হয়ে থাকবে।
শেষে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই এখানে উপস্থিত প্রত্যেককে। আপনাদের সুস্বাস্থ্য, সাফল্য ও কল্যাণ কামনা করছি।
এরপর সংবাদ সম্মেলনে কানাডা থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাইয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়। বক্তব্যে তিনি নিসচার বর্তমান অবস্থান, জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচি ও নিসচা প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের স্বাস্থ্যগত অবস্থান তুলে ধরেন।
তিনি দীর্ঘ সময় ইলিয়াস কাঞ্চনের লন্ডনে চিকিৎসার বিভিন্ন দিক তুলে ধরে বাবার সুস্থতার জন্য দেশবাসীর নিকট দোয়া প্রার্থণা করেন। সেই সঙ্গে ০১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে গৃহীত কর্মসূচী সফলভাবে বাস্তবায়নে মিডিয়া ও দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করেন।
এরপর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার কেন্দ্রীয় ও দেশব্যাপী শাখা সমূহের গৃহিত কর্মসূচি সাংবাদিকদের সামনে তুলে ধরেন সংগঠনের ভাইস-চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য লিটন এরশাদ।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান যথাক্রমে সাদেক হোসেন বাবুল, যুগ্ম মহাসচিব মোঃ গনি মিয়া বাবুল, একে আজাদ, অর্থ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মিশু ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মফিজুর রহমান খান বাবু, সহ সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, আইন বিষয়ক সম্পাদক এড. দীপক কুমার সরকার, প্রচার সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান,প্রকাশনা সম্পাদক আব্দুর রাজ্জাক, যুব বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে নাসিম রুমি, আসাদুর রহমান,মোঃ শফিকুল ইসলাম, মোঃ আরিফুল হাসান, মোঃ কামরুজ্জামান, সাধারণ সদস্য নজরুল ইসলাম ফয়সাল,আল আমীন হোসেন, আনারুল ইসলাম,বরিশাল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের চৌধুরী প্রমুখ।