মো শা হে দ চৌ ধু রী

  • মহাকবি আল্লামা ইকবাল
  • ২০২৫-১০-০৩ ১০:২৮:৩৬
image

তুমি শুধু কবি নও, ছিলে একটি জাতির জাগরণের অগ্রদূত।
যেখানে দমে যাচ্ছিলো এক বিশাল জনগোষ্ঠী।
সেখানে উচ্চারণ করলে অকুতোভয় স্বপ্ন-কথা।
তোমার কবিতার প্রতিটি শব্দ যেন অমোঘ বাণ ,
যা ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলেছে নতুন ভোরের প্রত্যাশায়।

"শেকড় ছিঁড়ে ফেলো না, ফিরে যাও মূলের কাছে" --
স্মরণ করিয়ে দিয়েছিলে আমাদের গৌরবময় ইতিহাস।
তোমার চোখে মুসলিম তরুণেরা ছিলো ঈগল,
যারা আকাশ ছুঁতে পারে সাহস আর জ্ঞানের ডানায় ভর করে।

তুমি শুধু একটি অখণ্ড দেশের পরিকল্পনাকারী নও,
তুমি সমগ্র মুসলিম উম্মাহর জাগরণের কবি।
তোমার কলমে ছিলো কুরআনের সুর,
তোমার কণ্ঠে ছিলো আযানের মতো দুর্নিবার আকর্ষণ --
যা এখনো প্রতিধ্বনিত হয়, হৃদয়ের কন্দরে-বন্দরে তোলে ঝড়।

হে মহাকবি আল্লামা ইকবাল !
আজও যখন আমরা বিভ্রান্ত হই ধর্মে কর্মে 
তোমার কবিতা দেয় সঠিক পথনির্দেশনা,
তোমার ভাবনা শেখায় আমাদের
নিজেকে চেনো, আল্লাহকে ভালোবাসো,
তাহলেই পেতে পারো প্রকৃত মুক্তির আস্বাদ।